ইরানের পাশে বৈশ্বিক সংহতি, কৃতজ্ঞতা জানাল তেহরান

ইরানের জনগণের প্রতি বৈশ্বিক সংহতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসনের মুখে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ যেভাবে ইরানের পাশে দাঁড়িয়েছে, তা নজিরবিহীন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, মুসলিম বিশ্বসহ ন্যায়বিচারপ্রত্যাশী মানুষদের এই ব্যাপক সংহতি ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ইরানের প্রতিরোধের সমর্থনে বিশ্বের বিভিন্ন দেশে লাখো মানুষ রাস্তায় নেমেছে, যা দেশটি চিরদিন মনে রাখবে।

বাঘাই উল্লেখ করেন, ইরাক, ইয়েমেন, লেবানন, তুরস্ক, পাকিস্তান, আফগানিস্তান, ভারত ও ফিলিস্তিনসহ আফ্রিকার কয়েকটি দেশ এবং তাজিকিস্তান, আজারবাইজান, মেক্সিকো, কিউবা, জাপান, ফ্রান্স, যুক্তরাজ্য, ব্রাজিল এমনকি যুক্তরাষ্ট্রেও বিক্ষোভকারীরা ইরানের প্রতি সংহতি জানিয়েছেন। 

৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হয় এবং পাকিস্তানের ইসলামাবাদে মধ্যস্থতায় আলোচনা শুরু হয়। সেখানে ইরান ১০ দফা প্রস্তাব দিলেও দীর্ঘ প্রায় ২১ ঘণ্টার আলোচনার পর কোনো সমঝোতা হয়নি। যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তন ও আস্থার ঘাটতির কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে তেহরান।