চলতি বছর দর্শক পারিবারিক গল্পের নাটকমুখী হয়েছেন। এরমধ্যে বেশ কয়েকটি নাটক দর্শকের প্রশংসা পাচ্ছে। তারই ধারাবাহিকতায় প্রযোজনা প্রতিষ্ঠান রঙ্গন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে সম্প্রতি প্রকাশ হয়েছে আরও একটি পারিবারিক গল্পের নাটক 'ভালোবাসার অন্য নাম তুমি’।
এতে অভিনয় করেছেন জনপ্রিয় চার তারকা শহীদুজ্জামান সেলিম, ডলি জহুর, দীপা খন্দকার ও রিচি সোলায়মান। জামাল হোসেনের প্রযোজনায় এটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী।
এরমধ্যে ইউটিউবের কমেন্টবক্সে অনেকে নাটকটির প্রসংশা করেছেন। একজন লিখেছেন, 'এখন এই সময়ে এসে এমন একটা হৃদয় ছোঁয়া নাটকের অভিনয় দেখতে পাবো, ভাবাই যায় না। সমস্ত নাটকটা জুড়ে ভালো লাগা ছিল। অসাধারণ।'
অন্য একজন লেখেন, 'নাটকটা দেখতে দেখতে সেই ৯০ দশকে চলে গিয়েছিলাম, যদিও তখন কিছু ছোট ছিলাম। ধন্যবাদ, চয়নিকা চৌধুরী।'
নাটকটি প্রসঙ্গে দীপা খন্দকার বলেন, এই নাটকটির বিশেষ দিক হচ্ছে- আমরা যাদের সঙ্গে শুরুতে কাজ করেছি, তাদের অনেকেই এই নাটকে আছেন। বলা যায়, আমাদের প্রজন্মের সমসাময়িক ও জ্যেষ্ঠ শিল্পীদের একধরনের পুনর্মিলন ঘটেছে। কাজের ফাঁকে গল্প-আড্ডায় সময় কেটেছে দারুণ। দর্শক দারুণ একটি গল্প এ নাটকে দেখতে পাবে।'