যুদ্ধ নয়, সংলাপের পথেই এগোতে চায় ইরান: পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশ যুদ্ধ নয়, সংলাপের পথেই এগোতে চায়।

তিনি বলেন, তবে যুক্তরাষ্ট্র যদি জোরপূর্বক নিজেদের ইচ্ছা চাপিয়ে দিতে চায় বা ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার চেষ্টা করে, তা কখনোই সফল হবে না।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ-কে দেওয়া বক্তব্যে পেজেশকিয়ান এ কথা বলেন।

ইরানের প্রেসিডেন্ট জোর দিয়ে বলেছেন, ব্যর্থ হবে যুক্তরাষ্ট্রের ইচ্ছা চাপিয়ে দেওয়া বা ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার যেকোনো প্রচেষ্টা।

কিছুটা মধ্যপন্থী হিসেবে পরিচিত এ রাজনীতিবিদ মার্কিন বর্বরতার কোনো মানেই খুঁজে পাচ্ছেন না। প্রশ্ন রেখে তিনি বলেছেন, আন্তর্জাতিক আইন ও মানবিক নীতিমালার আওতায় বেসামরিক নাগরিক, এলিট ও শিশুদের লক্ষ্যবস্তু বানানো এবং স্কুল ও হাসপাতালসহ গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো ধ্বংস করার যৌক্তিকতা কী থাকতে পারে?

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন যুদ্ধ শেষ করার ইঙ্গিত। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ শেষ হওয়ার খুব কাছাকাছি চলে এসেছে।

‘আমার মনে হয় এটা প্রায় শেষ। আমি এটাকে প্রায় শেষ হয়ে এসেছে বলেই মনে করি।’

২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ একাধিক শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হন।

টানা ৪০ দিনের যুদ্ধ শেষে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় যুক্তরাষ্ট্র ও ইরান।

যুদ্ধবিরতিকে স্থায়ী রূপ দিতে ইসলামাবাদে বৈঠক বসেন দুই দেশের কূটনীতিকরা। তবে এ বৈঠক থেকে আসেনি কোনো সুখবর।

যুদ্ধ পুনরায় শুরু না হলেও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা কমেনি। এরমধ্যে ইসলামাবাদে দ্বিতীয় দফায় বৈঠকে বসার অপেক্ষায় দুই দেশের কূটনীতিকরা।