বৈশাখে এলো প্রিয়ার ‘বাবুজি’

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে আরও রঙিন করে দিতে প্রতি বছরই প্রকাশিত হয় নতুন নতুন গান। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। পহেলা বৈশাখ উপলক্ষে কণ্ঠশিল্পী সোহানা ইসলাম নিয়ে এলেন ‘বাবুজি’ শিরোনামের নতুন একটি গান। গানটির কথা ও সুর করেছেন নিজেই সোহানা ইসলাম এবং সংগীতায়োজনে ছিলেন এন এ ফরহাদ। গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে দেখা গেছে তরুণ মডেল ও অভিনেত্রী প্রিয়া অনন্যাকে। ভিডিওটি নির্মাণ করেছেন নির্মাতা সাইদুল ইসলাম সাঈদ এবং কোরিওগ্রাফি করেছেন হিরা সিকদার। গানটি এফ কে মিউজিক ভিডিও স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে। মুক্তির পর থেকেই গানটি ইউটিউবসহ যোগাযোগমাধ্যমে ইতিবাচক সাড়া পাচ্ছে।

নতুন গান প্রসঙ্গে সোহানা ইসলাম বলেন, বৈশাখ বাঙালির সবচেয়ে বড় উৎসব, যা আমাদের সংস্কৃতি, শিকড় ও ভালোবাসার প্রতীক। এই বিশেষ দিনকে ঘিরেই গানটি তৈরি করা হয়েছে এবং তিনি আশা করছেন, এটি শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেবে। অন্যদিকে প্রিয়া অনন্যা জানান, ‘বাবুজি’ একটি দারুণ কাজ। গানের সুর, কণ্ঠ ও উপস্থাপনা সব মিলিয়ে এটি দর্শকদের ভালো লাগবে বলেই তার বিশ্বাস।

 নির্মাতা সাইদুল ইসলাম সাঈদ বলেন, গানটির ভিডিওতে ভিন্নধর্মী ভিজ্যুয়াল উপস্থাপনার চেষ্টা করা হয়েছে, যা দর্শকদের নতুন অভিজ্ঞতা দেবে। সব মিলিয়ে ‘বাবুজি’ গানটি এবারের বৈশাখে দর্শক-শ্রোতাদের জন্য একটি বিশেষ সংযোজন হয়ে  উঠতে যাচ্ছে।