তৌকিরকে নিয়ে বিশেষ আয়োজন

বহু মাত্রিক প্রতিভা তৌকীর আহমেদ দীর্ঘদিন ধরে দেশের বিনোদন জগতকে মাতিয়ে রেখেছেন। এবার তার কর্ম ও সৃজনকে স্মরণ ও শ্রদ্ধায় ভরিয়ে দিতে ‘সুহৃদ’-এর আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ছয় দশক পেরিয়ে তৌকির আহমেদ’। এ উপলক্ষে রাজধানীর শিল্পকলা একাডেমিতে আগামী ১৯ এপ্রিল দিনব্যাপী নানা কর্মসূচী গ্রহণ করা হয়েছে। সকাল ৯টা থেকে শুরু হয়ে এ আয়োজন চলবে রাত ৯টা পর্যন্ত। এতে সহযোগিতা করছে অভিনয় শিল্পী সংঘ।

 আয়োজনে থাকছে বিশেষ একটি সেমিনার। ‘আমাদের সংস্কৃতি ও শিল্পীর দায়’ শিরোনামে এ সেমিনারে অংশ নেবেন সংস্কৃতি অঙ্গনের নির্মাতা, শিল্পী ও সংগঠকরা। সেমিনার উপলক্ষে তৌকির আহমেদের সিনেমা নিয়ে লিখেছেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী, তার নির্দেশিত মঞ্চনাটক নিয়ে লিখেছেন মাসুম রেজা এবং টেলিভিশনে তার সৃজনকর্ম নিয়ে লিখেছেন রুম্মান রশীদ খান। সেমিনারটি অনুষ্ঠিত হবে শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে। 

অন্যদিকে, একাডেমির মূল হলে প্রদর্শিত হবে তৌকির আহমেদ নির্মিত চলচ্চিত্র ‘অজ্ঞাতনামা’। সন্ধ্যায় তৌকির আহমেদ নির্দেশিত ও অভিনীত মঞ্চনাটক ‘তীর্থযাত্রী’ মঞ্চস্থ হবে। 

পুরো আয়োজন প্রসঙ্গে সকলের পক্ষ থেকে অভিনেতা আহসান হাবিব নাসিম বলেন, ‘তৌকির আহমেদের বহুমাত্রিক সৃজন ও কর্মকে স্মরণ করতে চাই আমরা। এ লক্ষ্যে আমরা তার বন্ধুরা সবাই মিলে এ উদ্যোগ গ্রহণ করেছি। তার প্রতি এ সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে অন্য শিল্পীরাও অনুপ্রাণিত হবেন—এমনটাই প্রত্যাশা।’ আয়োজনের পোস্টার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে বিপাশা হায়াত শুভকামনা জানিয়েছেন তৌকিরকে।