যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ‘প্রকৃত সন্ত্রাসী’: পেজেশকিয়ান

ইরানের বেসামরিক অবকাঠামোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার কঠোর সমালোচনা করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এই হামলাকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং অমানবিক উল্লেখ করে তিনি একে 'অন্যায়' বলে অভিহিত করেছেন। 

বুধবার (১৫এপ্রিল) সাংবাদিকদের সাথে আলাপকালে পেজেশকিয়ান পশ্চিমা দেশগুলোর দ্বিমুখী নীতির সমালোচনা করেন। তিনি বলেন, তারা (যুক্তরাষ্ট্র ও ইসরায়েল) বিশ্বজুড়ে আমাদের সন্ত্রাসী হিসেবে প্রচার করার চেষ্টা করে, কিন্তু প্রকৃতপক্ষে তাদের এই আগ্রাসী কর্মকাণ্ডই প্রমাণ করে যে আসল সন্ত্রাসী কারা।

সংঘাতের উত্তেজনার মধ্যেই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি সংক্রান্ত পরবর্তী দফার আলোচনার ইঙ্গিত পাওয়া গেছে। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বুধবার জানিয়েছেন, পরবর্তী পর্যায়ের এই গুরুত্বপূর্ণ বৈঠকটি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে লেভিট বলেন, পূর্ববর্তী আলোচনার ধারাবাহিকতায় পরবর্তী বৈঠকগুলো সম্ভবত ইসলামাবাদেই আয়োজিত হবে।

হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানই এই শান্তি আলোচনার একমাত্র মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। যদিও বিশ্বের অনেক দেশই এই কূটনৈতিক প্রক্রিয়ায় অংশ নিতে বা সহযোগিতা করতে আগ্রহ দেখিয়েছে, তবে মার্কিন প্রশাসন পাকিস্তানের ওপরই আস্থা রাখছে।

ক্যারোলিন লেভিট এ বিষয়ে বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন, পাকিস্তানের মাধ্যমেই এই যোগাযোগ অব্যাহত রাখা সবচেয়ে কার্যকর। সেই লক্ষ্যেই বর্তমানে কাজ চলছে।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমনে এই আলোচনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বিশেষ করে বেসামরিক জানমালের নিরাপত্তা এবং আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষায় এই সংলাপের ফলাফল কী হয়, সেদিকেই তাকিয়ে আছে বিশ্ব।

তথ্যসূত্র: মিডল ইস্ট আই