গণভোট ইস্যুতে রাজধানীতে শনিবার ১১ দলের গণমিছিল

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় জোট। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) মগবাজারে আল ফালাহ মিলনায়তনে ১১ দলের আয়োজিত ‘চলমানের আন্দোলনের পরবর্তী কর্মসূচি’ শীর্ষক সংবাদ সম্মেলন থেকে এ কর্মসূচি দেওয়া হয়।

কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত ১১ দলীয় ঐক্যের দ্বিতীয় দফার কর্মসূচি চলবে। কর্মসূচির অংশ হিসেবে ১৮ এপ্রিল শনিবার রাজধানীতে গণমিছিল করবে ১১ দলীয় জোট। 

এ সময় তিনি বলেন, আগামী ১৮ এপ্রিল ১১ দলের উদ্যোগে ঢাকায় গণমিছিল অনুষ্ঠিত হবে। এরপর ২৫ এপ্রিল ঢাকা ছাড়া বাকি সব বিভাগীয় শহরে গণমিছিল হবে। আগামী ২ মে সারা দেশে প্রতিটি জেলা শহরে গণমিছিল হবে। কর্মসূচির আওতায় আগামী ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত প্রতিদিন গুরুত্বপূর্ণ জেলা শহরে লিফলেট বিতরণ ও সেমিনার অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

গোলাম পরওয়ার জানান, ২ মের পর থেকে বিভাগীয় শহরে সমাবেশ হবে। ১২টি সিটি করপোরেশনে বিক্ষোভ সমাবেশ হবে। এসব সমাবেশে ১১ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। এই রাউন্ড শেষ হওয়ার পর রাজধানীতে ১১ দলের সমাবেশ হবে, সেটির তারিখ পরবর্তী সময়ে জানানো হবে।