মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে পৃথক স্থানে বজ্রপাতে দুই তরুণের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে জেলার টঙ্গীবাড়ি উপজেলার ফজুশাহ ও হাইয়ার পাড় গ্রামে পৃথক ওই ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছে, আরাফাত খাঁ (২২) ও রিজন ঢালী (১৮)। নিহত আরাফাত উপজেলার হাইয়ার পাড় গ্রামের জসিম খাঁর ছেলে ও রিজন একই উপজেলার বসাউল্লাহ গ্রামের মনির ঢালীর ছেলে।
টঙ্গীবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল হক ডাবলু জানান, এদিন দুপুর ২টার দিকে ওই উপজেলার দীঘিরপাড় ইউনিয়নের হাইয়ার পাড় গ্রামে নিজ বাড়ি অদুরে সড়কে ওপর দাঁড়িয়ে ছিল তরুণ আরাফাত। এ সময় আকস্মিক বজ্রপাতে আক্রান্ত হলে গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্থানীয়রা। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, দুপুর দেড়টার দিকে নিজ বাড়ির কাছের ফজুশাহ গ্রামের শোলাকান্দা বিলে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিল তরুণ রিজন। এ সময় হঠাৎ করেই বজ্রপাতে আক্রান্ত হন ওই তরুণ। এতে স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।