সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু কাল

বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠান আগামীকাল শুক্রবার থেকে শুরু হবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রী উপদেষ্টা রুহুল কবির রিজভী।

আজ বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

রুহুল কবির রিজভী জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে যারা প্রার্থী হতে চান তারা অনেকে জমা দিয়েছেন। এই প্রেক্ষিতে দলের মনোনয়ন বোর্ড আগামীকাল শুক্রবার ৩টার সময় সাক্ষাৎকার গ্রহণ করবে।

তিনি উল্লেখ করেন, মনোনয়ন বোর্ডের সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন।

রিজভী আরও বলেন, আগামীকাল শুক্রবার তিনটা থেকে এবং আগামী পরশুদিন শনিবার তিনটা থেকে যারা মনোনয়ন পত্র যারা জমা দিয়েছেন তাদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে। আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ তারা উপস্থিত থাকবেন সেখানে যারা দলের প্রত্যাশী যারা এমপি প্রত্যাশী তারা যে মনোনয়ন পত্র যারা কিনেছেন এবং জমা দিয়েছেন তাদের সাক্ষাৎকার।

আগামীকাল শুক্রবার, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও ফরিদপুর বিভাগ এবং এই শনিবার চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠান গ্রহণ করা হবে বলেও জানান বিএনপির এই নেতা।