চৌগাছার সাবেক ওসিসহ ৪ কর্মকর্তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

চাঁদাবাজি, মারপিট ও লুটপাটের অভিযোগে যশোরের চৌগাছা থানার সাবেক ওসিসহ চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) চৌগাছার মাকাপুর গ্রামের মৃত হায়দার আলীর মেয়ে তামান্না নাজনীন লাভলী বাদী হয়ে মামলাটি করেন। 

জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রিয়াজ অভিযোগটি অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তার মাধ্যমে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন পিবিআইয়ের পুলিশ সুপারকে। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী তাহমিদ আকাশ।

মামলার আসামিরা হলেন চৌগাছা থানার সাবেক ওসি ও বর্তমানে ফরিদপুরের ভাঙ্গা থানার ওসি আনোয়ার হোসেন, চৌগাছা থানার সাবেক এসআই ও বর্তমানে ঝিকরগাছা থানায় কর্মরত মেহেদী হাসান মারুফ, চৌগাছা থানার এসআই হোসেন পাটোয়ারী এবং এএসআই আব্দুর রহমান শান্ত।

মামলার অভিযোগে জানা যায়, চৌগাছার মাকাপুর গ্রামের হায়দার আলী তার ওয়ারিশদের মধ্যে প্রায় ৪০ বিঘা সম্পত্তি ন্যায্যতার ভিত্তিতে বণ্টন করেন। এ সম্পত্তির একটি অংশ জোরপূর্বক দখল করেন তার মেজ ভাই ব্যারিস্টার একেএম মোর্তজা। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

অভিযোগে আরও বলা হয়, মোর্তজা থানার ওসি আনোয়ার হোসেনকে ম্যানেজ করে লাভলী ও তার স্বজনদের বিরুদ্ধে মামলা দেওয়ার পরিকল্পনা করেন। ২০২৫ সালের ২৯ এপ্রিল ওসি আনোয়ার হোসেন ও এসআই মারুফ লাভলীকে থানায় দেখা করতে বলেন। ওইদিন সন্ধ্যায় লাভলী তার স্বজনদের নিয়ে থানায় গেলে ওসি তাকে কক্ষে ডেকে নিয়ে মামলা দিয়ে জেল খাটানোর ভয় দেখিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন।

ভীত হয়ে লাভলী ওই দাবিতে রাজি হন। পরে রাতে ওসি তার দুই সহযোগীকে সঙ্গে নিয়ে মাকাপুর মুকুট ঢালির পার্কের সামনে গিয়ে লাভলীর কাছ থেকে ২ লাখ টাকা নেন এবং বাকি টাকা এক সপ্তাহের মধ্যে দিতে বলেন।

চাঁদার বাকি টাকা না দেওয়ায় ৬ মে আসামিরা ওই এলাকায় গিয়ে লাভলীকে খুঁজতে থাকে। এ সময় তার ভাগ্নে সিয়ামকে পেয়ে তাকে ধরে মারধর করা হয়। পরে সন্ধ্যায় লাভলীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয় এবং ৪০ বস্তা সিদ্ধধান লুট করে নেওয়া হয়।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে তাদের ধরে নিয়ে লাশ গুম করার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ তা গ্রহণ না করে তাদের তাড়িয়ে দেয়।

পরবর্তীতে পরিস্থিতি অনুকূলে আসায় আদালতে মামলা দায়ের করেন বাদী।