রাজধানীর শনির আকড়ায় একটি বাসায় আলো (১৪) নামের এক মাদরাসা শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক রাত ৮টার দিকে মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা তার বাবা রাসেল জানান, কদমতলী শনির আকড়ায় একটি বাসায় ভাড়া থাকেন তারা। বিকেলে বাসায় সবার অচোগরে ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দেয় সে। দেখতে পেয়ে তাকে উদ্ধার করে এলাকারই একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি দেখে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তবে চিকিৎসক মৃত বলে জানান।
তিনি বলেন, আলো কেন এই ঘটনা ঘটিয়েছে তা পরিবারের কারও জানা নেই। কারও সঙ্গে কোনও ঝগড়াও হয়নি। কেউ কোনও কারণে রাগারাগিও করেনি।
এদিকে, চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।