সংরক্ষিত নারী আসন

বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার আজ

বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আজ শুক্রবার থেকে শুরু হবে বলে জানিয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। গতকাল বৃহস্পতিবার বিকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। রিজভী বলেন, ‘সংরক্ষিত মহিলা আসনে মনোনয়নপ্রত্যাশীদের অনেকেই ফরম জমা দিয়েছেন।  দলের মনোনয়ন বোর্ড শুক্রবার (আজ) বেলা ৩টা থেকে সাক্ষাৎকার গ্রহণ করবে। চলবে শনিবার বেলা ৩টা পর্যন্ত। মনোনয়ন বোর্ডের বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। স্থায়ী কমিটির সদস্যরাও থাকবেন।’

তিনি জানান, শুক্রবার প্রথম দিনে রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও ফরিদপুর বিভাগ এবং শনিবার চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে।