মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ তার দ্বিতীয় মেয়াদের অগ্রগতিতে 'সামান্য একটি বিচ্যুতি' মাত্র। একই সঙ্গে তিনি দাবি করেন, ইরানের পারমাণবিক কর্মসূচি ঠেকাতে এই হস্তক্ষেপ দরকার ছিল।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) নেভাডার লাস ভেগাসে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ' যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অগ্রগতির পথে ইরান যুদ্ধ ছিল ছোট একটি ক্ষণস্থায়ী সামরিক পদক্ষেপ।' তিনি আরও বলেন, 'এটা করা দরকার ছিল, নইলে খুব খারাপ কিছু ঘটতে পারত।'
ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র দ্রুতই বিজয়ের দ্বারপ্রান্তে রয়েছে। তিনি বলেন, 'ভিয়েতনামে আমরা ১৭ বছর, আফগানিস্তানে পাঁচ বছর ছিলাম। আর এখানে আমরা মাত্র দুই মাস ছিলাম।'
তবে সাম্প্রতিক জরিপগুলোতে দেখা গেছে, এই যুদ্ধ মার্কিন জনগণের মধ্যে জনপ্রিয় নয়। ইপসোসের এক জরিপে ৫১ শতাংশ অংশগ্রহণকারী মনে করেন, ইরান যুদ্ধের উচ্চ ব্যয় সার্থক নয়। বিপরীতে মাত্র ২৪ শতাংশ এটিকে সমর্থন করেছেন। অন্যদিকে কুইনিপিয়াক ইউনিভার্সিটির এক জরিপে দেখা যায়, হরমুজ প্রণালী বন্ধ হয়ে জ্বালানির দাম বাড়ার জন্য ৬৫ শতাংশ ভোটার ট্রাম্পকে দায়ী করছেন। একই জরিপে ইরান ইস্যুতে ট্রাম্পের কার্যক্রমে সন্তুষ্টি জানিয়েছেন ৩৬ শতাংশ, আর অসন্তোষ প্রকাশ করেছেন ৫৮ শতাংশ ভোটার।
বর্তমান সময়ের ভোটারদের আসল মতামত বা সাধারণ জনগণের চাহিদা থেকে হোয়াইট হাউজ অনেক দূরে রয়েছে বলে মনে করছেন অনেকেই। অর্থনৈতিক অগ্রগতির পথে বিশাল যুদ্ধব্যয়ের যোগান দিতে ইতোমধ্যে খাদ্য সহায়তাসহ বিভিন্ন প্রয়োজনীয় খাতে বাজেট সীমিত করছে মার্কিন সরকার।