আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস। ১৯৭১ সালের এই দিনে মুজিবনগরের আম্রকাননে শপথ গ্রহণ করে বাংলাদেশের প্রথম সরকার। ঐতিহাসিক ঘটনার স্মরণে প্রতিবছরের ন্যায় এবারও ‘মুজিবনগর দিবস’ হিসেবে পালন করা হচ্ছে। তবে দিবসটি স্থানীয়ভাবে পালিত হলেও বৈশ্বিক পরিস্থিতির কারণে সরকারিভাবে কোনো আয়োজন থাকছে নাভ
দিবসটি উপলক্ষে শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৯টায় মুজিবনগর উপজেলা মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের উদ্যোগে মুজিবনগর স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় পুষ্পার্ঘ অর্পণ করেন মুক্তিযোদ্ধা হাজী আহসান আলী খান, অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন আব্দুল মালেক, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের মুজিবনগর উপজেলা সভাপতি মোখলেছুর রহমান ও সাধারণ সম্পাদক খাইরুল ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। এ সময় দেশের প্রথম সরকারকে গার্ড অব অনার প্রদানকারী আনসার সদস্য ও শপথ অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশনকারী শিল্পী সেখানে উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে বিকেল ৩টায় ঢাকা থেকে আগত ‘নাগরিক সমাজ’ নামের একটি সংগঠনের পক্ষ থেকেও মুজিবনগর স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি রয়েছে।
সেখানে উপস্থিত থাকবেন মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও লেখক আবু সাইদ খান, এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা, সিপিবি সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদের সহ সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন, সুপ্রীম কোর্টের আইনজীবী মিনহাজুল হক চৌধুরী মানবাধিকার কর্মী দীপায়ন খীসা ও রফিক আহমেদ সিরাজী প্রমুখ।
তবে এই বছর বৈশ্বিক পরিস্থিতির কারণে সরকারিভাবে কোনো কর্মসূচি গ্রহণ করা হয়নি।
জেলা প্রশাসন জানায়,ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো নির্দেশনা না থাকায় প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো কর্মসূচি পালনের নির্দেশনা তারা পাননি।