বালু উত্তোলনের অপরাধে জরিমানা, রায় শুনে অজ্ঞান অভিযুক্ত

নীলফামারীর ডোমার উপজেলায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুইজনকে ৫০ হাজার করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময়ে জরিমানার রায় শুনে ঘটনাস্থলেই অভিযুক্ত একজন অজ্ঞান হয়ে পড়ে যায়।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে উপজেলার হরিনচড়া ধরধরার পাড় এলাকার দেওনাই নদীতে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শায়লা সাঈদ তন্বী। অভিযানে তাকে পুলিশের সদস্যরা সহায়তা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার হরিনচড়া ধরধরার পাড় এলাকার মো. ফারুক হোসেন (৩০) ও বাবুরহাট এলাকার ট্রাক্টরচালক অমল রায় (২৮)।

ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে আসছেন ৷এতে আশপাশের ফসলি জমি ও সড়ক হুমকির মুখে পড়ছে। বৃহস্পতিবার গোপন খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে একটি বালুবাহী গাড়িসহ দুইজনকে আটক করা হয়। পরে তাদের এক লাখ টাকা জরিমানা করা হয়। এসময়ে ভ্রাম্যমাণ আদালতের রায় শুনে ঘটনাস্থলেই অভিযুক্ত ফারুক হোসেন অজ্ঞান হয়ে যায়। পরে তাকে ডোমার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।