চুরির বিচার করায় সালিশকারীদের বিরুদ্ধে মামলা, এলাকাবাসীর প্রতিবাদ

কুমিল্লার মুরাদনগরে নির্মাণাধীন ভবনের ‘রড’ চুরির অপরাধের বিচার করায় সালিশকারীদের আসামি করে আদালতে মামলা দেওয়া হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

আজ শুক্রবার বেলা ১০টায় উপজেলার জাহাপুর ইউনিয়নের শুশুন্ডা গ্রামে বাখরাবাদ রোডে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী।

মানববন্ধনে বক্তারা বলেন, এ বছরের ১৮ মার্চ শুশুন্ডা ইসলামিয়া আলিয়া মাদরাসার নির্মাণাধীন ভবনের রড চুরির অপরাধে নাজির নামের এক যুবকের বিচার করেন স্থানীয় সালিশকারীরা। সেই বিচারে অভিযুক্ত নাজিরের বাবা আলী মিয়ার উপস্থিতিতে চুরির অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। আলী মিয়া জরিমানার ২০ হাজার টাকা পরিশোধ না করে উল্টো মার্চ মাসের ৩১ তারিখ এলাকার ১০ জনের নাম উল্লেখ করে সালিশকারীদের বিরুদ্ধে কুমিল্লার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর ১১ নম্বর আমলি আদালতে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করেন। এর মধ্যে একজন স্কুল পড়ুয়া ও আরেকজন কলেজ পড়ুয়া শিক্ষার্থীর নামও রয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বক্তারা আরও বলেন, হাতেনাতে চোর ধরেও যদি আসামি হতে হয় তাহলে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আর কেউ এগিয়ে আসবে না।

তারা অভিযোগ করে বলেন, একটি মীমাংসিত বিষয়কে পুঁজি করে এলাকার একটি কুচক্রি মহলের ইন্দনে রড চোর নাজিরের পিতা আলী মিয়াকে দিয়ে আদালতে মিথ্যা মামলা করায়। আমরা গ্রামবাসী এর তীব্র নিন্দা জানাই।

মানববন্ধনে উপস্থিত ছিলেন আব্দুল আজকার, আশরাফুল হক, আব্দুল জলিল, সিদ্দিকুর রহমান, আব্দুল খালেক, আব্দুল কাদির, রফিক, আবু তাহের, আব্দুল মতিন, আব্দুর রব, শাহ আলম, বদির মিয়া, জামাল হোসেন, নুরে আলম, কামরুল, আক্তার হোসেন, আবু মুসা, আলেক মিয়া, মোবারক হোসেনসহ অনেকে।