যুক্তরাষ্ট্রের কাছে ইউরেনিয়াম হস্তান্তরের দাবি প্রত্যাখ্যান করল ইরান

ইরানের মজুদকৃত সমৃদ্ধ ইউরেনিয়াম অন্য কোথাও স্থানান্তর করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার (১৭ এপ্রিল) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক দাবির পরিপ্রেক্ষিতে তেহরান এই আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম অন্য কোনো দেশে পাঠানোর কোনো পরিকল্পনা বা সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এর আগে, শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরান তাদের ইউরেনিয়াম হস্তান্তরে রাজি হয়েছে। ট্রাম্প লেখেন, আমাদের শক্তিশালী বি-২ বোম্বারদের মাধ্যমে গত বছর মার্কিন হামলায় যেসব পারমাণবিক উপাদান ভূগর্ভস্থ হয়েছিল, সেই সব ‘নিউক্লিয়ার ডাস্ট’ বা পারমাণবিক উপাদান এখন যুক্তরাষ্ট্র হাতে পাবে।

ট্রাম্পের এই দাবিকে ভিত্তিহীন উল্লেখ করে ইরান সরাসরি তা নাকচ করে দিয়েছে। দেশটি জানিয়েছে, তাদের পারমাণবিক কর্মসূচির সুরক্ষা এবং এর মজুদের ওপর তাদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। ট্রাম্প গত বছর ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার মাধ্যমে উপাদানগুলো ধ্বংস বা কবজায় নেওয়ার যে ইঙ্গিত দিয়েছেন, ইরান সেটিকেও নাকচ করে দিয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এমন দাবি এবং ইরানের তাৎক্ষণিক প্রত্যাখ্যানে দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের পারমাণবিক উত্তেজনা নতুন করে দানা বাঁধতে পারে। তবে আপাতত ইউরেনিয়াম হস্তান্তরের বিষয়টি নিয়ে তেহরান তাদের অবস্থানে অনড়।