অনুষ্ঠানে কৃষিমন্ত্রী

কৃষির সঙ্গে যুক্ত দেশের ৭০ শতাংশ মানুষ

দেশের মোট জনসংখ্যার প্রায় ৭০ শতাংশ মানুষ কোনো না কোনোভাবে কৃষির ওপর নির্ভরশীল বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন। তিনি বলেন, ‘এই বিপুল জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করা গেলে দেশের সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।’ গতকাল শুক্রবার কুমিল্লা আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বিবিরবাজার হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ এবং এখানে সারা বছরই বিভিন্ন ধরনের ফসল উৎপাদনের সুযোগ রয়েছে। তাই কৃষিকে আধুনিক ও লাভজনক খাতে রূপান্তর করতে সরকার কাজ করছে।’ কৃষিতে প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং টেকসই উৎপাদন ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও তিনি জানান।

তিনি বলেন, “বর্তমান সরকার কৃষকদের জন্য বিভিন্ন সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করছে। ‘কৃষক কার্ড’ চালুর মাধ্যমে কৃষকরা সহজে ভর্তুকি, প্রণোদনা ও আর্থিক সহায়তা পাচ্ছেন। এতে উৎপাদন কার্যক্রম আরও গতিশীল হচ্ছে।”

তিনি বলেন, ‘ভবিষ্যতে কৃষকদের আরও শক্তিশালী করে দেশের অর্থনীতিকে টেকসই ভিত্তির ওপর দাঁড় করানো হবে। কৃষিকে আধুনিক, লাভজনক ও তথ্যনির্ভর খাতে উন্নীত করতে প্রযুক্তিনির্ভর বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে, যার গুরুত্বপূর্ণ একটি অংশ এই কৃষক কার্ড।’

কুমিল্লা জেলা প্রশাসক রেজা হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন, কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য আতিকুল আলম শাওন, কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল মোহামেদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, কুমিল্লা সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া উপস্থিত ছিলেন।