ব্যবসায়ীকে জিম্মি করে পর্নোগ্রাফি ভিডিও

রাজধানীর মিরপুর থানায় দায়ের করা পর্নোগ্রাফি মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। গ্রেপ্তাকৃতরা হলেন- সালমা আক্তার ও মিজানুর রহমান কিরণ। গত বৃহস্পতিবার রাতে মিরপুরের ৬০ ফিট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গতকাল শুক্রবার র‌্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এন রায় নিয়তি এ তথ্য জানিয়ে বলেন, ভুক্তভোগী একজন ব্যবসায়ী এবং স্থানীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। গত ২৮ ফেব্রুয়ারি রাতে পারভেজ নামে এক প্রতারক রাজনৈতিক আলোচনার কথা বলে তাকে শেওড়াপাড়ায় একটি শোরুমের সামনে ডেকে নেয়। পরে তাকে একটি বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে আগে থেকে অবস্থান করা অন্য আসামিরা ভুক্তভোগীকে একটি কক্ষে আটকে শারীরিকভাবে নির্যাতন করে। একপর্যায়ে গ্রেপ্তার সালমা আক্তার নিজেই অশ্লীল পরিস্থিতি তৈরি করে। সেই সময়ের ছবি ও ভিডিও মোবাইলে ধারণ করা হয়। পরে এসব ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগীর কাছে ১০ লাখ টাকা দাবি করে তারা।

ভুক্তভোগী টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে তার অশ্লীল ছবি প্রকাশ করে। পাশাপাশি বিভিন্ন সময় সামাজিক মাধ্যমে ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তার কাছ থেকে টাকা আদায় করে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী মিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন। পরে র‌্যাব-৪ গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে তাদের গ্রেপ্তার করে।