রাজধানীর দারুস সালাম থানাধীন বর্ধনবাড়ী এলাকায় তিন মাস বয়সী এক শিশুকে মুখ চেপে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার ভোরে এ ঘটনার পর ওই শিশুর সৎ বাবা অপূর্বকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপির দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া বলেন, ‘তিন মাস বয়সী ছেলে শিশুটি তার মায়ের পাশে বিছানায় ঘুমিয়ে ছিল। গতকাল শুক্রবার ভোরবেলায় শিশুটি কান্নাকাটি করতে থাকলে তার সৎ বাবা অপূর্ব স্ত্রীকে বলতে থাকেন, বাচ্চার কান্না থামা, নাইলে মাইরালামু। কিন্তু বাচ্চার কান্না থামছিল না। পরে অপূর্ব শিশুটির মুখ চেপে ধরে, এতে শ্বাসরোধ হয়ে তার মৃত্যু হয়।’ তিনি আরও বলেন, পরে শিশুটির মা রাজিয়া খাতুনের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে অপূর্বকে আটক করে পুলিশে খবর দেয়।