বিশ্বকাপ শুরুর দুই মাস আগে সৌদি কোচ বরখাস্ত

বিশ্বকাপ ফুটবল শুরু হতে বাকি আর মাত্র দুই মাস। এমন মহাগুরুত্বপূর্ণ সময়ের আগে বড় এক সিদ্ধান্ত নিল সৌদি আরব ফুটবল ফেডারেশন। প্রধান কোচ হার্ভে রেনার্দকে বরখাস্ত করা হয়েছে। শুক্রবার ফরাসি কোচকে বিদায় করার খবরটি প্রথমে প্রকাশ করে আরএমসি স্পোর্টস। পরে রেনার্দ নিজেও এএফপির কাছে খবরটি নিশ্চিত করেছেন।

২০২৪ সালে দ্বিতীয় মেয়াদে সৌদি আরবের দায়িত্ব নিয়েছিলেন ৫৭ বছর বয়সী রেনার্দ। এর আগে ২০২২ কাতার বিশ্বকাপে তার অধীনেই আসরের চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে ফুটবল বিশ্বকে চমকে দিয়েছিল দেশটি। এরপর তিনি সৌদি আরবের দায়িত্ব ছেড়ে ফ্রান্স নারী দলের কোচ হিসেবে প্যারিস অলিম্পিকে কাজ করেন। সেখান থেকে পুনরায় সৌদিতে ফিরেছিলেন তিনি।

রেনার্দের বিদায়ের সংবাদটি এমন এক সময়ে এলো যার মাত্র তিন দিন আগে ইএসপিএন জানিয়েছিল যে, যুক্তরাষ্ট্রের সকার ফেডারেশনের স্পোর্টিং ডিরেক্টর ম্যাট ক্রকার সৌদি আরব ফুটবল ফেডারেশনে একই ধরনের একটি পদে যোগ দিতে যাচ্ছেন।

২০২৬ বিশ্বকাপে সৌদি আরব খেলবে এইচ গ্রুপে। এই গ্রুপে তাদের অন্য তিন প্রতিপক্ষ হলো স্পেন, কেপ ভার্দে ও উরুগুয়ে। ১৫ জুন উরুগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে সৌদি আরব তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে।