গাজীপুরের শ্রীপুরে দিনদুপুরে এক মসজিদের ইমামের মাদরাসা পড়ুয়া মেয়েকে অপহরণ, পরিবারের সদস্যদের ওপর বর্বরোচিত হামলা এবং লুটপাটের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। ঘটনাটি মানবতাবিরোধী ও ন্যাক্কারজনক অপরাধ হিসেবে আখ্যায়িত করে এর তীব্র নিন্দা জানানো হয়েছে।
তিনি শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোষ্টে এই ঘটনার নিন্দা ও উদ্বেগ প্রকার করেন।
তিনি বলেন, ঘটনার ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও অপহৃত ছাত্রীকে এখনো উদ্ধার করতে না পারায় উদ্বেগ আরও বেড়েছে। এ পরিস্থিতিকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
জামায়াত আমির অবিলম্বে অপহৃত মেয়েটিকে অক্ষত উদ্ধার, জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। একই সঙ্গে এ ধরনের অপরাধে জড়িতদের সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানান এবং দেশবাসীকে প্রতিবাদে সোচ্চার হওয়ার অনুরোধ করেন।
তিনি আরও বলেন, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব। কোনোভাবেই অপরাধীদের প্রশ্রয় দিয়ে এ ধরনের বর্বরতা চলতে দেওয়া যায় না।