কুড়িগ্রামে নিখোঁজের ১২ ঘন্টা পর শিশুর মরদেহ উদ্ধার 

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় দুই বছর বয়সী এক শিশু নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর বাড়ির পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। 

শনিবার (১৮ এপ্রিল) সকালে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন। 

এর আগে শুক্রবার (১৭ এপ্রিল) রাতে উপজেলার থানাহাট ইউনিয়নের মাচাবান্দা শাহপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম আয়শা খাতুন। সে ওই এলাকার আলমগীর হোসেনের মেয়ে।

স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে আয়শা নিখোঁজ হয়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। পরে রাতের দিকে বাড়ির পাশের একটি স্থানে আবারেও খোঁজ করতে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, দিনের কোনো এক সময় আয়শাকে হত্যা করে মরদেহ গোপন রাখা হয় এবং রাতে বিদ্যুৎ চলে যাওয়ার সুযোগে ঘটনাস্থলে ফেলে রাখা হয়।

এ বিষয়ে চিলমারী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন জানান, আয়শার লাশ উদ্ধার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। মামলা রন্জু হলে লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।