সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জুড বেলিংহ্যাম

বায়ার্ন মিউনিখের কাছে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে রিয়াল মাদ্রিদের বিদায়ের পর অবশেষে নীরবতা ভাঙলেন ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যাম। আলিয়াঞ্জ অ্যারেনায় গত বুধবারের সেই নাটকীয় ও বিতর্কিত হারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের প্রতি নিজের আবেগঘন বার্তা পৌঁছে দিয়েছেন তিনি।

ম্যাচটিতে রিয়াল মাদ্রিদ ৪-৩ গোলে (দুই লেগ মিলিয়ে অ্যাগ্রিগেটে ৬-৪ ব্যবধানে) হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায়। ম্যাচের শেষ দিকে ফ্রি-কিক নিতে দেরি করায় এদুয়ার্দো কামাভিঙ্গা দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে বড় ধাক্কা খায় রিয়াল। আরদা গুলের ও কিলিয়ান এমবাপ্পের দারুণ পারফরম্যান্স সত্ত্বেও ১০ জনের দলে পরিণত হওয়া রিয়াল বায়ার্নের আক্রমণ ঠেকাতে ব্যর্থ হয়।

বেলিংহ্যাম তার ইনস্টাগ্রামে রিয়াল সমর্থকদের উদ্দেশে লেখেন, ‘এটা যথেষ্ট ছিল না, তবে আমরা আমাদের বীরত্বের সঙ্গেই বিদায় নিয়েছি। মাদ্রিদিস্তা, আমরা জানি আমরা তোমাদের হতাশ করেছি। কিন্তু আমরা তোমাদের সমর্থনের জন্য সবসময় কৃতজ্ঞ। ভালো সময় আসবেই, যা তোমাদের প্রাপ্য। এই মৌসুমটা যতটা সম্ভব শক্তভাবে শেষ করা ছাড়া আমাদের সামনে আর কোনো পথ নেই। হালা মাদ্রিদ।’

চ্যাম্পিয়নস লিগ থেকে এই বিদায় রিয়াল মাদ্রিদের বর্তমান মৌসুমের ক্ষত আরও বাড়িয়ে দিল। এবারের মৌসুমে একের পর এক ব্যর্থতার স্বাদ পেতে হচ্ছে বর্তমান চ্যাম্পিয়নদের। সুপার কাপে বার্সেলোনার কাছে ৩-২ গোলে হারতে হয়েছে। এছাড়া কোপা দেল রের শেষ ষোলোয় আলবাসেতের কাছে হেরে বিদায় নিতে হয়েছে। লা লিগাতেও চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ৯ পয়েন্ট পিছিয়ে আছে রিয়াল।

মৌসুমের মাঝামাঝিতে জাভি আলোনসো দায়িত্ব ছাড়লে আলভারো আরবেলোয়াকে নিয়োগ দেওয়া হয়। কিন্তু সাবেক এই ডিফেন্ডারের অধীনেও দলের ভাগ্য বদলায়নি। আগামী মঙ্গলবার আলাভেসের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। লিগ শিরোপার ক্ষীণ আশা টিকিয়ে রাখতে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই আরবেলোয়ার শিষ্যদের সামনে।