২০২৬ বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার দিন যতই ঘনিয়ে আসছে, নেইমারকে নিয়ে ব্রাজিলিয়ানদের মধ্যে বিতর্ক ততই তীব্র হচ্ছে। বৃহস্পতিবার প্রকাশিত ‘জেনিয়াল/কুয়েস্ট’এর নতুন এক জরিপে দেখা গেছে, নেইমারের দলে থাকা নিয়ে ফুটবলপ্রেমীরা প্রায় দুই ভাগে বিভক্ত।
জরিপের তথ্য অনুযায়ী, ৪৭ শতাংশ মানুষ মনে করেন নেইমারকে বিশ্বকাপের দলে রাখা উচিত। আবার ৪৫ শতাংশ মানুষ সরাসরি এই প্রস্তাবের বিরোধিতা করেছেন। বাকি ৮ শতাংশ কোনো মন্তব্য করতে রাজি হননি।
এর আগে ‘ডাটাফোলহা’-র জরিপে নেইমারের পক্ষে বড় ব্যবধান দেখা গেলেও (৫৩ শতাংশ মানুষ নেইমারের পক্ষে ছিলেন), এই নতুন জরিপ বলছে ব্রাজিলের ভেতরেই নেইমারকে নিয়ে বিশাল এক বিরোধ তৈরি হয়েছে।
আকর্ষণীয় বিষয় হলো, ব্রাজিলের বিভিন্ন অঞ্চলের মানুষের মধ্যে নেইমারকে নিয়ে ধারণার আকাশ-পাতাল পার্থক্য রয়েছে: দক্ষিণাঞ্চল: এই অঞ্চলের অধিকাংশ মানুষ নেইমারকে স্কোয়াডে নেওয়ার বিপক্ষে। উত্তর-পূর্ব ও উত্তরাঞ্চল: এখানে নেইমারের জনপ্রিয়তা এখনও তুঙ্গে, তারা তাকে দলে দেখতে চান। দক্ষিণ-পূর্বাঞ্চল: ব্রাজিলের এই গুরুত্বপূর্ণ অঞ্চলে নেইমারের পক্ষ এবং বিপক্ষ—উভয় মতই সমানভাবে অবস্থান করছে।
শুধু তা–ই নয়, জরিপে অংশ নেওয়া অর্ধেকের বেশি বা ৫৪ শতাংশ মানুষ জানিয়েছেন, বিশ্বকাপ নিয়ে তাঁদের মনে কোনো ‘রোমাঞ্চ নেই’। মাত্র ১২ শতাংশ মানুষ এবারের আসর নিয়ে ‘খুবই রোমাঞ্চিত’। ৩২ শতাংশের উত্তর ছিল, তাঁরা ‘খুব একটা রোমাঞ্চ অনুভব করছেন না’।
-
মাত্র ২৯ শতাংশ ব্রাজিলিয়ান মনে করেন আনচেলত্তির দল এবার চ্যাম্পিয়ন হবে।
-
এর বিপরীতে ১৭ শতাংশ মানুষ মনে করেন ফ্রান্সই হবে এবারের চ্যাম্পিয়ন।
-
আর্জেন্টিনা ও জার্মানির ওপর ভরসা রাখছেন মাত্র ৪ শতাংশ করে মানুষ।
‘জেনিয়াল/কুয়েস্ট’ মূলত দুটি প্রতিষ্ঠানের একটি যৌথ প্রয়াস, যেখানে ‘জেনিয়াল ইনভেস্তিমেন্তোস’–এর আর্থিক খাতের দক্ষতা এবং সিইও ফেলিপে নুনেস প্রতিষ্ঠিত ‘কুয়েস্ট কনসাল্টোরিয়া ই পেসকুইসা’র তথ্যনির্ভর বুদ্ধিমত্তা ও বিশ্লেষণ একীভূত হয়েছে। এর আগে ব্রাজিলের ভোটারদের মনোভাব, নির্বাচনী সমীকরণ ও সরকারের জনপ্রিয়তার ওপর বড় আকারের জরিপ চালিয়ে প্রতিষ্ঠানটি বিশেষ খ্যাতি অর্জন করে।