ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে কোন দলই আগ্রহ দেখাচ্ছে না লিটন দাসকে দলে নিতে। গত মৌসুমেও শুরুতে দল পাননি এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। উঁচু দর হাঁকানোর জন্য লিটনকে নিতে চায়নি কোন দল, শেষ পর্যন্ত তামিম ইকবাল তার গুলশান ক্রিকেট ক্লাবে লিটনের খেলার ব্যবস্থা করে দিয়েছিলেন। এবারে তামিম বিসিবি সভাপতি, দলবদলের প্রথম দিনে ঠিকানা খুঁজে না পাওয়া লিটনের জন্য কি কিছু করবেন তিনি?
২০২৫-২৬ মৌসুমের দলবদলের প্রথম দিনেই ঘর গুছিয়ে নিয়েছে প্রিমিয়ার লিগে অংশ নেয়া ১২ দল। দেরিতে শুরু হওয়ার কারণে এবারে হবে সিঙ্গেল লিগ, থাকছে না অবনমনও। বিসিবি’র পক্ষ থেকে অংশগ্রহণকারী দলগুলোকে দেয়া হবে ২৫ লাখ টাকা। ম্যাচে থাকবে দুপুরের খাবার। খেলোয়াড়দের রাখা হবে বিকেএসপির ছাত্রাবাসে, দুপুরের খাবারও দেবে বিসিবি। ফলে ক্লাবগুলোর খরচ অনেকটাই কমে এসেছে। যে কারণে কিছু কিছু ক্লাব নামমাত্র টাকাতেও ক্রিকেটারদের সই করিয়েছে। উল্টোদিকে মোহামেডান, আবাহনীর মত বড় দলের সঙ্গে টেক্কা দিয়ে মোটা টাকা খরচ করে দল গড়েছে এবারই প্রিমিয়ার লিগে ওঠা ঢাকা লেপার্ডস। দলবদলের প্রথম দিনে মোট ৭৯ জন ক্রিকেটার নতুন দলে সই করেছেন।
সৌম্য সরকার, জাকের আলি অনিক, সাব্বির রহমান, মাহিদুল ইসলাম অঙ্কনদের দলে নিয়েছে আবাহনী। বিপিএলে রাজশাহী ওয়ারিয়র্সকে শিরোপা জেতানো কোচ হান্নান সরকার এবারও আবাহনীর দায়িত্বে। আনুষ্ঠানিক ভাবে এখনো অনেকে আবাহনীর হয়ে দলবদলের টোকেন না তুললেও হান্নান তার ফেসবুক স্ট্যাটাসে জানিয়ে দিয়েছেন কাদের নিয়ে লড়বেন এবারের লিগে। হান্নানের দলে আছেন নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, জিসান আলম, রাকিবুল হাসানরাও যারা গত মৌসুমেও ছিলেন। সিসিডিএম সূত্রে জানা গেছে, কোন ক্রিকেটার টোকেন না তুললে তারা খেলবেন আগের ক্লাবেই।
নাসির হোসেন রূপগঞ্জ টাইগার্স থেকে নাম লিখিয়েছেন অগ্রণী ব্যাঙ্কে।শেখ মেহেদি অগ্রণী ব্যাঙ্ক থেকে যোগ দিয়েছেন ঢাকা লেপার্ডস। মোহাম্মদ মিঠুন, মমিনুল হক,জাকির হাসান যোগ দিয়েছেন ঢাকা লেপার্ডসে; সঙ্গে আছেন বেশ কয়েকজন তরুণ তূর্কি। ইফতেখার হোসেন ইফতি, আল ফাহাদ, ওয়াসি সিদ্দিকি, হাসান মুরাদ, জাওয়াদ আবরারদের নিয়ে দল সাজিয়েছে ঢাকা লেপার্ডস।
কাগজে কলমে সবচেয়ে শক্তিশালী দল মোহামেডান স্পোর্টিং ক্লাব। টপ অর্ডারে নাঈম শেখ ও এনামুল হক বিজয়ের সঙ্গে আছেন পারভেজ হোসেন ইমনও। গত মৌসুমের তিন সর্বোচ্চ রান সংগ্রাহক এবার সাদাকালো তাঁবুতে। সঙ্গে ইয়াসির আলি, রিপন মন্ডল, রিশাদ হোসেন, আফিফ হোসেনদের নিয়ে এবারে শিরোপার লড়াইয়ে জোরাল টক্কর দিতে চায় মোহামেডান। দলের কোচ মিজানুর রহমান বাবুল।
প্রাইম ব্যাঙ্ক বরাবরই শক্তিশালী এবং ভারসাম্যপূর্ণ দল গড়ে। এবারও ব্যতিক্রম হয়নি। সময়মত পাওনা পরিশোধ এবং চমৎকার পরিবেশের জন্য সুনাম রয়েছে দলের। এবারে তারা দলে নিয়েছে গত মৌসুমে মোহামেডানের হয়ে খেলা মাহমুদউল্লাহকে। সঙ্গে তারুণ্যের মিশেল, আছে যুব দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম। আছেন আকবর আলি,তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব।
প্রথম দিনে দলবদলে এসেছে ৮ দল। লিজেন্ডস অব রূপগঞ্জ কোন ক্রিকেটার সই করায়নি প্রথম দিনে। শোনা যাচ্ছে মোস্তাফিজুর রহমান ও লিটন দাস খেলবেন লিজেন্ডস অব রূপগঞ্জেই।