পিরোজপুর জেলায় হামের প্রাদুর্ভাব রোধে জরুরিভাবে আগামী সোমবার থেকে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। এ উপলক্ষে শনিবার (১৮ এপ্রিল) সিভিল সার্জনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা. মতিউর রহমান জানান, সোমবার (২০ এপ্রিল) থেকে জেলার ৭টি উপজেলা ও ২টি পৌরসভায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী মোট ১ লাখ ২০ হাজার ৭৯১ জন শিশুকে টিকার আওতায় আনা হবে। এ লক্ষ্যে জেলায় মোট ১,৭৫০টি কেন্দ্রে স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে ১১ কর্মদিবসব্যাপী টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।
তিনি আরও জানান, কর্মসূচি বাস্তবায়নে জেলায় ২৪০ থেকে ২৫০টি টিম কাজ করবে। প্রতিটি টিমে একজন টিকাদান কর্মী ও দুইজন স্বেচ্ছাসেবক থাকবেন। জেলার প্রত্যন্ত এলাকাসহ প্রতিটি কেন্দ্রে গিয়ে শিশুদের এই টিকা প্রদান করা হবে।
সিভিল সার্জন অভিভাবকদের নির্ধারিত সময়ে নিকটস্থ টিকাদান কেন্দ্রে শিশুদের নিয়ে এসে টিকা দেওয়ার আহ্বান জানান, যাতে হাম প্রতিরোধে কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়ন করা যায়।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মেডিকেল অফিসার ডা. সাজিয়া নওশীন এবং সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আরিফুল হক।
এ সময় পিরোজপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম, সিনিয়র সাংবাদিক মাহমুদ হোসেন, মুনিরুজ্জামান নাসিম আলী, জিয়াউল আহসান, এ কে আজাদসহ জেলা শহরের বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।