ইংলিশ ফুটবলে আবারও মাথাচাড়া দিয়ে উঠল বর্ণবাদ। এবার গ্যালারি থেকে বর্ণবাদী আক্রমণের শিকার হলেন লেস্টার সিটির বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা চৌধুরী। তবে দুর্ভাগ্যজনকভাবে, এই অপমানের প্রতিবাদ করায় রেফারি উল্টো হামজাকেই হলুদ কার্ড দেখিয়েছেন।
শনিবার ইংলিশ চ্যাম্পিয়নশিপে পোর্টসমাউথের মুখোমুখি হয়েছিল লেস্টার সিটি। ইনজুরি কাটিয়ে এদিন লেস্টারের শুরুর একাদশে ফিরেছিলেন ২৮ বছর বয়সী হামজা। ম্যাচের ৭১ মিনিটে যখন ম্যানেজার গ্যারি রোয়েট তাকে তুলে নিয়ে জর্ডান জেমসকে নামানোর সিদ্ধান্ত নেন, তখনই ঘটে অনাকাঙ্ক্ষিত সেই ঘটনা।
মাঠ থেকে উঠে যাওয়ার সময় পোর্টসমাউথের গ্যালারি থেকে হামজাকে লক্ষ্য করে বর্ণবাদী গালিগালাজ করা হয়। ডেইলি এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, এই ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ হয়ে ওঠেন হামজা এবং মাঠের পাশে থাকা দর্শকদের সাথে তার উত্তপ্ত বাক্যবিনিময় হয়।
হামজা যখন উত্তেজিত হয়ে রেফারিকে বর্ণবাদী আচরণের বিষয়টি বোঝাচ্ছিলেন, তখন রেফারি উসকানিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো হামজাকে হলুদ কার্ড দেখান। এই সিদ্ধান্তে তিনি আরও ভেঙে পড়েন। ডাগআউটে ফেরার সময় তাকে এতটাই হতাশ দেখাচ্ছিল যে, তাকে শান্ত করতে আসা কোচিং স্টাফের এক সদস্যকেও তিনি সরিয়ে দেন। পরে বেঞ্চে বসে তাকে ক্ষোভ ও অভিমানে মুখ ঢেকে থাকতে দেখা যায়।
মাঠের বাইরের এই তিক্ততার সাথে মাঠের লড়াইয়েও লেস্টারের সময়টা ভালো যাচ্ছে না। পোর্টসমাউথের কাছে ১-০ ব্যবধানে হেরে যাওয়ায় এখন অবনমনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে ক্লাবটি।