দেশের বর্তমান পরিস্থিতি বিগত দিনের তুলনায় অনেক ভাল। অতীত সরকারের আমলে দেশে চাঁদাবাজি, খুন খারাবি, সন্ত্রাসী কার্যকলাপ, অত্যাচার, অনাচার, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি ইত্যাদি বিদ্যমান ছিল।
বিএনপি সরকার গঠনের পর দেশে শান্তি বিরাজমান। আগামীতে দেশে শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন করার জন্য বিএনপি সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিএনপি দেশ প্রেমিক সরকার। এ সরকারের সঙ্গে সহযোগিতা করার জন্য চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দিন আহমেদ সকলকে আহ্বান জানান। এছাড়াও তিনি দোহাজারী পৌরসভার মানুষের প্রত্যাশা পূরণে সার্বিক সহযোগিতা কামনা করেন। দোহাজারীর হাসপাতাল সংস্কার, চৌকিদার ফাঁড়ির সাঙ্গু নদীর উপর ব্রিজ নির্মাণ, থানা প্রতিষ্ঠা, দোহাজারীতে ফায়ার সার্ভিস প্রতিষ্ঠা, সবজি সংরক্ষণে হিমাগার প্রতিষ্ঠা করার স্বপ্ন আগামীতে সকলের সার্বিক সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ পূরণ করা হবে। চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দিন আহমেদ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
গতকাল শনিবার (১৮ এপ্রিল) দিনব্যাপী চন্দনাইশ উপজেলার দোহাজারী নাগরিক কমিটির উদ্যোগে পৌরসদরের সাঙ্গু কনভেনশন সেন্টারে নাগরিক কমিটির অভিষেক ও নব-নির্বাচিত চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ–সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দিন আহমেদের সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
দোহাজারী নাগরিক কমিটির সভাপতি মো. আলী আকবর এর সভাপতিত্বে দোহাজারী নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. জসিম উদ্দিন জনির সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. সরোজ সিংহ হাজারী, গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. সুকান্ত ভট্টাচার্য, আলহাজ্ব শামসুদ্দিন সওদাগর, মাওলানা মুফতি আহমদ হোসাইন আল-কাদেরী, বিএনপি নেতা এম এ হাশেম রাজু, সিরাজুল ইসলাম সওদাগর, আ ক ম মোজাম্মেল হক, মোরশেদুল আলম প্রমুখ।