মন্নত ছেড়ে কেন ভাড়া বাড়িতে কিং খান

কয়েকমাস ধরেই মন্নত ছেড়ে ভাড়া বাড়িতে উঠেছেন বলিউড কিং শাহরুখ । কারণ তার স্বপ্নের বাড়ি মন্নতে দীর্ঘদিন ধরে চলছে অন্দরসজ্জার কাজ। সেই কারণেই সপরিবারে আপাতত তিনি উঠেছেন মুম্বাইয়ের পালি হিল এলাকায় একটি ভাড়াবাড়িতে। আর এই কারণেই এখন নতুন করে আলোচনায় এসেছেন কিং খান- অনুরাগীদের মধ্যেও প্রশ্ন, ভাড়াটে হিসেবে তিনি ঠিক কেমন? 

এই ভাড়াবাড়ির মালিক জ্যাকি ভাগনানি এবং তার পরিবার। সম্প্রতি এক সাক্ষাৎকারে জ্যাকি ভাগনানি শাহরুখ খানের আচরণ ও স্বভাব নিয়ে মুখ খুলেছেন, যা নিয়ে এখন বলিউডে চর্চা তুঙ্গে। প্রায় দেড় বছর আগে গৌরী খান সিদ্ধান্ত নেন মন্নতকে আরও বড় করার। সেই পরিকল্পনা অনুযায়ী শুরু হয় পুনর্নির্মাণের কাজ। জানা যায়, ছ'তলা এই আইকনিক বাংলোটিকে এবার আট তলা ভবনে রূপান্তরিত করার পরিকল্পনা করা হয়েছে। ফলে কাজ চলাকালীন সময়ের জন্য খান পরিবারকে অন্যত্র থাকতে হচ্ছে। 

বর্তমানে শাহরুখ খান, গৌরী খান ও তাদের সন্তানরা মুম্বাইয়ের পশ্চিমের পালি হিলস এলাকার একটি বিলাসবহুল বাড়িতে ভাড়া থাকছেন। এই বাড়ির ভাড়া মাসে প্রায় ২৪ লক্ষ টাকা বলে জানা গেছে। ২০২৫ সালে আর্থিক সমস্যায় পড়ে জ্যাকি ভগনানির প্রযোজনা সংস্থা কিছুটা চাপের মুখে ছিল, সেই সময়েই এই বাড়িটি ভাড়া দেওয়া হয় খান পরিবারের কাছে। 

'ভাড়াটে' শাহরুখের আচরণ নিয়ে বলতে গিয়ে জ্যাকি ভগনানি জানান, তিনি যেমন জনপ্রিয়, ব্যক্তিগতভাবেও তেমনই বিনয়ী, সকলকে সম্মান করতে জানেন। তাঁর কথায়, “তিনি এমন একজন মানুষ, যিনি প্রত্যেকের কথা গুরুত্ব দিয়ে শোনেন। যেই আসুক না কেন, যাওয়ার সময় তিনি দরজা পর্যন্ত এগিয়ে দেন।” জ্যাকি আরও বলেন, শাহরুখের মতো মানুষ হওয়া সত্যিই অনুপ্রেরণার।