৩০৩ শিক্ষার্থীকে মোটরসাইকেল চালানো শিখিয়েছেন ডাকসুর ইমরান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের মধ্যে দক্ষতা উন্নয়ন ও নিরাপদ ড্রাইভিং সচেতনতা তৈরিতে ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছেন ডাকসু সদস্য ইমরান হোসাইন। গত তিন মাসে তার পরিচালনায় ৩০৩ জন শিক্ষার্থী বিনা পারিশ্রমিকে মোটরসাইকেল চালানো শিখেছেন, যা ক্যাম্পাসে ইতিবাচক সাড়া ফেলেছে।

জানা যায়, শিক্ষার্থীদের বাস্তব জীবনে প্রয়োজনীয় একটি গুরুত্বপূর্ণ দক্ষতা অর্জনের সুযোগ করে দিতে এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেন ইমরান হোসাইন। শুরু থেকেই তিনি ব্যক্তিগতভাবে এ কার্যক্রম পরিচালনা করে আসছেন এবং অংশগ্রহণকারীর সংখ্যা দিন দিন বাড়ছে।

এ উদ্যোগে ছাত্র ও ছাত্রী উভয়ের জন্যই প্রশিক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে। বিশেষ করে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে নারী ট্রেনারের ব্যবস্থাও রয়েছে। ফলে যারা এতদিন মোটরসাইকেল চালানো শেখার সুযোগ পাননি, তারাও এখন নিরাপদ পরিবেশে প্রশিক্ষণ নিতে পারছেন।

প্রশিক্ষণ কার্যক্রমটি বর্তমানে মুহসিন হলের মাঠ, কেন্দ্রীয় খেলার মাঠ, ক্যাম্পাসের বিভিন্ন সড়ক এবং মল চত্বর এলাকায় পরিচালিত হচ্ছে। এসব স্থানে হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ করে তোলা হচ্ছে বলে জানান এই ডাকসু নেতা।

ইমরান হোসাইন বলেন, শিক্ষার্থীদের আগ্রহের কারণে এই উদ্যোগটি দীর্ঘমেয়াদে চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে প্রাতিষ্ঠানিক সহায়তা পাওয়া গেলে বাইক প্রশিক্ষণের পাশাপাশি প্রাইভেটকার ড্রাইভিং প্রশিক্ষণ কার্যক্রমও চালু করা হবে। বর্তমানে এটি সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমে পরিচালিত হচ্ছে।

তিনি আরও বলেন, এই উদ্যোগের লক্ষ্য শুধু মোটরসাইকেল চালানো শেখানো নয়; বরং সচেতন, দায়িত্বশীল ও নিরাপদ চালক তৈরি করা। সঠিক প্রশিক্ষণ ও সচেতনতা বাড়ানো গেলে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমানো সম্ভব। তরুণদের দক্ষ করে তোলার মাধ্যমে একটি নিরাপদ ও শৃঙ্খলাবদ্ধ সমাজ গঠনে ভূমিকা রাখতে চান বলেও জানান তিনি।