কুড়িগ্রামের ফুলবাড়ীয় বিশেষ অভিযান চালিয়ে ৭৬ কেজি (প্রায় ২ মণ) গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।রবিবার (১৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে সংবাদ বিজ্ঞপ্তিতে গাঁজা জব্দ ও আটকের বিষয়ে জানিয়েছে র্যাব-১৩, রংপুর।
আটক মো. আতিকুর রহমান নয়ন (৫০) উপজেলার পূর্ব ফুলমতি গ্রামের বাসিন্দা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে র্যাব-১৩ এর একটি আভিযানিক দল খবর পেয়ে রবিবার ভোরে জেলার ফুলবাড়ী উপজেলার পূর্ব ফুলমতি গ্রামে অভিযান চালায়।
এসময় মো. আতিকুর রহমান নয়নের বসতঘর তল্লাশি চালিয়ে খাটের নিচ থেকে ৭৬ কেজি গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় তাকে আটক করা হয়।
এরপর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে ও জব্দ করা গাঁজা সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।