লোকসভায় নারী সংরক্ষণ বিল পাশ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ড্রিমগার্ল’খ্যাত বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী ও সংসদ সদস্য অভিনেত্রী হেমা মালিনী। তিনি গভীরভাবে হতাশ এবং এই দিনটিকে নারীর জন্য সবচেয়ে খারাপ দিন বলে অভিহিত করেছেন।
সামাজিক মাধ্যমে হেমা মালিনী লিখেছেন, সংসদীয় অধিবেশনে নারী সংরক্ষণ বিলটি সংসদে আটকে দেওয়া হয়েছিল। তিনি বলেন, যেসব নারী জাতীয় বিষয়ে বৃহত্তর অংশগ্রহণের আশা করছিলেন, তাদের জন্য এটি একটি দুঃখের দিন। ব্যক্তিগতভাবে আমি বেশ হতাশ। কারণ ভোটের ঠিক আগে আমি সংসদে বিলটির গুরুত্ব নিয়ে কথা বলেছিলাম।
এ বিল প্রসঙ্গে আরেক সংসদ সদস্য ও বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত বলেন, আজ (১৮ এপ্রিল) যা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক। এটা চরম লজ্জাজনক। কঙ্গনা আরও অভিযোগ করেন, কংগ্রেস দল সব সীমা অতিক্রম করেছে এবং ভারতের মেয়েদের মনোবল ভেঙে দিয়েছে।
বিরোধীরা দাবি করেছিল যে, সীমানা পুনর্নির্ধারণের মাধ্যমে সরকার দক্ষিণ ভারত ও উত্তর-পশ্চিমসহ কিছু নির্দিষ্ট অঞ্চলের প্রতি অবিচার করছে। বিরোধীরা স্পষ্ট করে জানিয়েছিল যে, তারা নারী সংরক্ষণ বিলকে সমর্থন করলেও এই সাংবিধানিক সংশোধনীর ফলে বেশ কয়েকটি রাজ্যের প্রতি অবিচার হবে—এ যুক্তিতে তারা এর বিরোধিতা করে। যেহেতু এই বিলটি একটি সাংবিধানিক সংশোধনী ছিল, তাই এটি পাশের জন্য দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন ছিল। বিধানসভায় সরকারের এ সংখ্যক ভোট ছিল না।