এনসিপিতে যোগ দিলেন তিন সংগঠনের ৩০ নেতা-কর্মী

গুঞ্জন হলো সত্যি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এবি পার্টি ও ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) থেকে জাতীয় নাগরিক পার্টি-এনসিপিতে যোগ দিলেন ৩০ জন নেতাকর্মী। তাদের অধিকাংশই যুক্ত ছিলেন এনসিপি কিংবা এনসিপি সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের সঙ্গে। যোগদানকারীদের মধ্যে রয়েছেন-আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ এবং এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক সানী আবদুল হক।

রবিবার (১৯ এপ্রিল) দুপুরে রাজধানীর বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

যোগ দিলেন যারা
যোগ দেওয়া নেতাকর্মীদের মধ্যে রয়েছেন- আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত, মুখপাত্র শাহরিন ইরা; এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আব্দুল হক; বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ, মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম, দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন, লিগ্যাল সেল সম্পাদক মাহফুজ এবং কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক এস এম সুইট।

এ ছাড়া রয়েছেন আয়মান জাহান, হাসান তানভীর, তানভীর আহমেদ মন্ডল, ওয়াহিদ আলম, জাহিদুর রহমান, মোশাররফ হোসেন, মোহাম্মদ জুনায়েদ, সুলতান মারুফ তালহা, তৌসিফ মাহমুদ সোহান, ফারহানা শারমিন সুচি, সাজ্জাদ সাব্বির, মোহাম্মদ রায়হানুল ইসলাম, আবদুল আজিজ ভূঁইয়া, আহমেদ করিম চৌধুরী, দিলারা খানম, কাজী সালমান, মোহাম্মদ সোলায়েম হাসান, মুরাদ হোসেন, প্রকৌশলী আবু সাঈদ মোহাম্মদ নুমান, ফয়াজ শাহেদ, প্রকৌশলী মোহাম্মদ ইমামউদ্দিন রিয়াদ, মোস্তফা কামাল মাহাথির, আরাফাত ই রাব্বি প্রিন্স, কাজী আহনাফ তাহমিদ, মোহাম্মদ শামীম, বদরে আলম শাহিন, মোহাম্মদ নাজমুল হক, মাসুমা বিল্লাহ সাবিহা, ফারজানা আক্তার, তাওহীদুল ইসলাম (জবি), রাকিবুল ইসলাম (জাবি), সাদাত মুত্তাসিম প্রান্তিক (এনএসইউ), মহিউদ্দিন হাসান, মোহাম্মদ নুরুল হাসান ও আল মাহমুদ।

আছে আপ বাংলাদেশের দুই ডজন নেতাকর্মীও
জুলাই গণঅভ্যুত্থানের পর ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি আলী আহসান জুনায়েদ ও রাফে সালমান রিফাত যুক্ত হয়েছিলেন জাতীয় নাগরিক কমিটির সঙ্গে। এনসিপি গঠনের আলোচনায়ও ছিলেন তারা। তবে শেষ পর্যন্ত এনসিপিতে যোগ না দিয়ে গত বছরের ১৬ মার্চ আপ বাংলাদেশ নামে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠনের ঘোষণা দিয়েছিলেন। এক বছর না পেরোতেই তাদের নেতৃত্বে অন্তত দুই ডজন নেতাকর্মী যোগ দিলেন এনসিপিতে।