ভারতে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ১৩

ভারতের তামিলনাড়ুতে একটি আতশবাজি তৈরির কারখানায় বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। রবিবার(১৯ এপ্রিল) তামিলনাড়ুর বিরুধুনগর জেলায়  এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, বিরুধুনগরের কাটানাপাত্তি এলাকার ওই কারখানায় যখন বিস্ফোরণ হয়, তখন অন্তত ৩০ জন শ্রমিক তাদের দৈনন্দিন উৎপাদনের কাজে ব্যস্ত ছিলেন। বিস্ফোরণটি এতটাই তীব্র ছিল যে কারখানার অন্তত চারটি ঘর বিধ্বস্ত হয়ে যায়। বিস্ফোরণে ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। 

স্থানীয়দের দাবি, বিস্ফোরণের শব্দ ১০ কিলোমিটার দূর পর্যন্ত শোনা গেছে। ঘটনার পরপরই শিবকাশি, সাত্তুর ও বিরুধুনগরসহ নিকটবর্তী বিভিন্ন শহর থেকে দমকল ও উদ্ধারকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। এক ঘণ্টার বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে।

এই দুর্ঘটনার কারণ সম্পর্কে স্থানীয় কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা, রাসায়নিক মেশানোর সময় ঘর্ষণের ফলে এ বিস্ফোরণ ঘটে থাকতে পারে। পুলিশ ইতোমধ্যে মামলা দায়ের এবং ঘটনার প্রকৃত কারণ বা কারখানায় যথাযথ নিরাপত্তা বিধি মানা হয়েছিল কি না, তা নিশ্চিত করতে তদন্ত শুরু করেছে। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন।