চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্রের পদত্যাগ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রামের মুখপাত্র ফাতেমা খানম লিজা পদত্যাগ করেছেন। রবিবার (১৯ এপ্রিল) তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাসের মাধ্যমে পদত্যাগের কথা জানান।

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, একটি বৈষম্যহীন সমাজ গঠন ও শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার প্রত্যাশা নিয়ে তিনি সংগঠনটির সঙ্গে যুক্ত হয়েছিলেন। তবে কেন্দ্রীয় নেতৃত্ব শিক্ষার্থীদের সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, সংগঠনের গুরুত্বপূর্ণ বিষয়ে সমন্বয়ের অভাব, কার্যকর উদ্যোগের ঘাটতি এবং নেতৃত্বের দুর্বলতা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে।

এছাড়া দায়িত্ব পালনকালে একাধিকবার অপমান, অসম্মান ও হয়রানির শিকার হয়েছেন বলেও পদত্যাগপত্রে উল্লেখ করেন তিনি। এসব কারণে নিজের মর্যাদা, নিরাপত্তা ও মানসিক সুস্থতার কথা বিবেচনা করে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।

দেশ রূপান্তরকে লিজা বলেন, কেন্দ্রীয় নেতারা আমাদের সাথে কোন ধরনের যোগাযোগ না করেই সংগঠন পরিচালনা করছেন, কেন্দ্রীয় নেতাদের আশকারায় অনেকে বিভিন্ন জায়গায় অপ্রীতিকর পরিস্থিতি ঘটাচ্ছে। যার দায় তো আমি নিতে পারিনা। তাই আমি পদত্যাগ করেছি। আপাতত রাজনীতিতে আসার ইচ্ছা নেই। তবে শিক্ষার্থীদের স্বার্থে যে কোন আন্দোলনে আমি আবারও মাঠে নামবো।