হবিগঞ্জের মাধবপুরের সুরমা চা বাগানে সংঘটিত চাঞ্চল্যকর নারী পর্যটক গণধর্ষণ মামলার পলাতক আসামি নাসিরকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ রবিবার বিকেলে সিলেট-৯ র্যাবের মিডিয় অফিসার অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম শহিদুল ইসলাম জানান, শনিবার রাতে মীরসরাইয়ের মিঠাছড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার বিবরণে জানা যায়, ভুক্তভোগী নারী ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের বারঘড়িয়া এলাকার বাসিন্দা। তার স্বামী প্রবাসে থাকেন। গত ২৩ মার্চ বিকেলে তিনি তার পরিচিত হাসান মিয়ার সঙ্গে সিএনজিযোগে সুরমা চা বাগানে বেড়াতে যান। সন্ধ্যার দিকে চা বাগানের নির্জন স্থানে অবস্থানকালে দুইজন অজ্ঞাত ব্যক্তি তাদের ওপর হামলা চালান। এ সময় হামলাকারীরা লাঠি হাতে তাদের ধাওয়া করলে হাসান মিয়া পালিয়ে যান এবং ভুক্তভোগী নারী একা পড়ে যান। পরে দুর্বৃত্তরা নারীকে বাগানের ভেতরের নির্জন স্থানে নিয়ে পর্যায়ক্রমে ধর্ষণ করেন এবং তার কান থেকে স্বর্ণের দুল ছিনিয়ে নেন। ঘটনাটি প্রকাশ পেলে স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে তা ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় ভুক্তভোগী নিজে বাদী হয়ে মাধবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করেন। গত ২৮ মার্চ মামলার আরেকজন এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছিল।
গ্রেপ্তারকৃত নাসিরকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ সোহেল রানা জানান, গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।