চট্টগ্রামে ৭ লাখের বেশি শিশু পাচ্ছে হাম-রুবেলা টিকা

চট্টগ্রাম জেলায় হাম-রুবেলা প্রতিরোধে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হতে যাচ্ছে। জেলার ১৫টি উপজেলায় এ কর্মসূচির মাধ্যমে মোট ৭ লাখ ৬৭ হাজার ৯৫২ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সিভিল সার্জন কার্যালয় জানায়, নির্ধারিত লক্ষ্যমাত্রার মধ্যে বিদ্যালয়ভিত্তিক শিশু রয়েছে ১ লাখ ৫১ হাজার ৭৫৫ জন এবং কমিউনিটি পর্যায়ের শিশু রয়েছে ৬ লাখ ১৬ হাজার ১৯৭ জন। ক্যাম্পেইনটি ২০ এপ্রিল শুরু হয়ে আগামী ১০ জুন পর্যন্ত ১১ কার্যদিবসে পরিচালিত হবে।

সংবাদ সম্মেলনে ডা. মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন, এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সব শিশুকে এক ডোজ হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। সংশ্লিষ্টরা জানান, কোনো শিশু পূর্বে নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় টিকা নিয়ে থাকলেও, তাকে এই বিশেষ ক্যাম্পেইনে অন্তর্ভুক্ত করা হবে। তিনি আরও বলেন,জেলার ২০০টি ইউনিয়ন ও ৬০০টি ওয়ার্ডে মোট ৪ হাজার ৮১৫টি টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে। কর্মসূচি বাস্তবায়নে ৯২৯ জন মাঠকর্মী, ৫২৪ জন সিএইচসিপি এবং ৩৭১ জন মেডিক্যাল অফিসার দায়িত্ব পালন করবেন।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, হাম ও রুবেলা অত্যন্ত সংক্রামক রোগ, যা শিশুদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। এ কারণে নির্ধারিত সময়ের মধ্যে সর্বোচ্চ সংখ্যক শিশুকে টিকার আওতায় আনা জরুরি। এ কর্মসূচির মাধ্যমে অন্তত ৯৫ শতাংশ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তিনি আরও জানান, অসুস্থ বা হাসপাতালে ভর্তি শিশুদের সুস্থ হওয়ার পর টিকা দেওয়া হবে এবং অভিভাবকের সম্মতি ছাড়া কোনো শিশুকে টিকা দেয়া হবে না। নিয়মিত ইপিআই কার্যক্রমের পাশাপাশি এই বিশেষ টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। অভিভাবকদের সুবিধার্থে অনলাইন নিবন্ধনের ব্যবস্থাও রাখা হয়েছে। নির্ধারিত ওয়েবসাইট থেকে নিবন্ধন করে টিকা কার্ড সংগ্রহ করা যাবে।