ঢাকায় ম্যাককোয়ারি ইউনিভার্সিটির ইনফো ডে

অস্ট্রেলিয়ার বিশ্বখ্যাত ম্যাককুয়ারি ইউনিভার্সিটি ঢাকায় উচ্চশিক্ষা বিষয়ক এক সেমিনার ও ইনফো ডের আয়োজন করে। রাজধানীর আমারি হোটেলে অনুষ্ঠিত ইনফো ডে’র উদ্বোধন করেন ম্যাককোয়ারি ইউনিভার্সিটির সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির এক্সিকিউটিভ ডিন প্রফেসর স্যামুয়েল মুলার। বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থী ও অভিভাবকদের ব্যাপক অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে ইনফো ডে'র আয়োজন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ম্যাককোয়ারি ইউনিভার্সিটির ডিরেক্টর অব ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট তানভীর শহীদ, সিনিয়র কান্ট্রি ম্যানেজার আলকায়েত হোসেন, কান্ট্রি ম্যানেজার মো. মাজাদুল আলম এবং অ্যাডমিশন ডিপার্টমেন্টের বেদুরা শাবনাম ও ফারহানাজ রহিম।

প্রফেসর স্যামুয়েল মুলার বলেন, বাংলাদেশি শিক্ষার্থীরা আমাদের ক্যাম্পাসে অসাধারণ মেধা ও বৈচিত্র্য নিয়ে আসে। এই ইনফো ডের মাধ্যমে আমরা আগ্রহী শিক্ষার্থীদের সঙ্গে সংযোগ স্থাপন করতে চাই এবং দেখাতে চাই—কীভাবে ম্যাককোয়ারি ইউনিভার্সিটির মানসম্মত শিক্ষা ও ইন্ডাস্ট্রি পার্টনারশিপ তাদের একাডেমিক ও পেশাগত লক্ষ্য অর্জনে সহায়তা করতে পারে। ঢাকায় এসে বাংলাদেশি কমিউনিটির সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে পেরে আমরা আনন্দিত।

ডিরেক্টর অব ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট তানভীর শহীদ বলেন, বাংলাদেশি শিক্ষার্থীরা ম্যাককোয়ারি ইউনিভার্সিটিতে অনন্য প্রতিভা ও বৈচিত্র্য যোগ করছে। ইনফো ডে’র মাধ্যমে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং বিভিন্ন প্রোগ্রামে বাংলাদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা ইন্টার‌্যাকটিভ কাউন্সেলিং সেশনে অংশ নিয়ে অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার আবেদন প্রক্রিয়া সম্পর্কে স্পষ্ট ধারণা পান। পাশাপাশি ম্যাককোয়ারি ইউনিভার্সিটির ৩১১ একর বিস্তৃত পার্কল্যান্ড ক্যাম্পাসে শিক্ষার্থীদের জীবনযাপন, সুযোগ-সুবিধা এবং শিক্ষার পরিবেশ সম্পর্কে জানার সুযোগ পান তারা।

এ সময় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বিশেষ বাংলাদেশ আর্লি অ্যাকসেপ্ট্যান্স স্কলারশিপ সম্পর্কেও জানানো হয়। এই স্কলারশিপের আওতায় যোগ্য বাংলাদেশি শিক্ষার্থীরা স্নাতক বা স্নাতকোত্তর কোর্সে প্রতি বছর অস্ট্রেলিয়ান ডলার ১০ হাজার পর্যন্ত সহায়তা পাবেন, যা বার্ষিক টিউশন ফি’র প্রায় ২৫ শতাংশ।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অভিভাবকদের সামনে ম্যাককোয়ারি ইউনিভার্সিটির বিস্তৃত একাডেমিক প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। ব্যবসায় শিক্ষা, তথ্যপ্রযুক্তি, বিজ্ঞান ও প্রকৌশল, মেডিসিন ও হেলথ সায়েন্স, আর্টস এবং সোশ্যাল সায়েন্স—বিভিন্ন বিষয়ে আধুনিক ও শিল্পখাত-সহযোগিতায় তৈরি কোর্সগুলোর ওপর আলোকপাত করা হয়। এসব প্রোগ্রাম শিক্ষার্থীদের সমালোচনামূলক চিন্তাশক্তি, নেতৃত্বগুণ এবং কর্মসংস্থানের সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক।

১৯৬৪ সালে প্রতিষ্ঠিত ম্যাককোয়ারি ইউনিভার্সিটি একটি গবেষণা-নির্ভর পাবলিক বিশ্ববিদ্যালয়। উদ্ভাবন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এবং গবেষণায় উৎকর্ষতার জন্য প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী সুপরিচিত। 

বিশ্বজুড়ে ৩০০টিরও বেশি পার্টনার প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে ম্যাককোয়ারি ইউনিভার্সিটি। অধিকাংশ কোর্সেই ইন্টার্নশিপ ও ওয়ার্ক প্লেসমেন্টের সুযোগ থাকায় শিক্ষার্থীরা বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে বৈশ্বিক কর্মবাজারে প্রতিযোগিতামূলক সক্ষমতা অর্জন করতে পারে। ম্যাককোয়ারি ইউনিভার্সিটি সম্পর্কে আরও তথ্য পাওয়া যাবে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে— mq.edu.au