চট্টগ্রামের সন্দ্বীপে ১২ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে মিলাদ (৫০) নামের এক অটোরিকশাচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। রো বার (১৯ এপ্রিল) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সন্দ্বীপ থানার পুলিশ উপজেলার কাছিয়াপাড় চর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, শনিবার (১৮এপ্রিল) বিকেলে বাউরিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আনিদ্যার এলাকায় একটি বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী স্থানীয় একটি মহিলা মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী। ভুক্তভোগীর পিতা অভিযোগ করেন, ঘটনার সময় তিনি ও তাঁর স্ত্রী বাড়ির বাহিরে ছিলেন। এ সুযোগে প্রতিবেশী অভিযুক্ত ঘরে প্রবেশ করে তার মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে মেয়ের চিৎকার শুনে তারা ফিরে এলে অভিযুক্ত পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃত মিলাদ একই এলাকার বাসিন্দা মুছা মিয়ার ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক। এ ঘটনায় রবিবার সকালে ভুক্তভোগীর পিতা বাদী হয়ে সন্দ্বীপ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। সন্দ্বীপ থানার ওসি (তদন্ত) সুজন হালদার বলেন, অভিযোগ পাওয়ার পরপরই অভিযান শুরু করা হয় এবং সন্ধ্যায় কাছিয়াপাড় চর এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।