ঝড়ের কারখানায় আমার জন্ম। উত্তাল বাতাস, ক্রুদ্ধ গাছ, আচমকা বৃষ্টি—এরাই ছিল আমার জন্মকালীন নার্স। আর ডাক্তার ছিল স্বয়ং এক বিশালকায় ঝোড়ো সমুদ্র। তাই ঝড়কে আমি করি না ভয়। কারণ এরাই আমার নিকটাত্মীয়, আমার জেনেটিক পরিচয়।
ঝড় শব্দটা শুনলে আমার চোখে শুধু একটা হলুদ পাতার ইমেজ ভাসে। মাটিতে পড়ে থাকা যে পাতাটা বিদ্যুৎ গতি পেয়েছিল ঝড়ের ছোঁয়ায়। যেভাবে বাবা আমাকে ছোটবেলায় সাইকেল চালানো শেখাত, মনে হয় ঝড়ও সে রকম পাতাটাকে হাতে ধরে উড়তে শেখায় এমন আবহাওয়ায়।
ঝড়কে ভালো লাগে কারণ সে প্রচন্ড। প্রচন্ড রাগ, প্রচন্ড প্রেম, প্রচন্ড অভিমান, প্রচন্ড কান্না, প্রচন্ড সাহস, প্রচন্ড পরিশ্রম, প্রচন্ড শান্তি, প্রচন্ড কনফিউশন—এ সবই আমার জীবনের কালারপ্যালেটে শাশ্বত রঙ হয়ে টিকে আছে। আমি এদের যত্ন নিই। এদের দিয়ে রঙিন করি ছবির জগৎ।