গোপন খবর ফাঁস করলে কলকি

বলিউড অভিনেত্রী কলকি কোয়েচলিন সম্প্রতি তার ব্যক্তিগত জীবনের এক কঠিন অধ্যায়ের কথা সামনে এনেছেন, যা শুধু মানসিক নয়, শারীরিকভাবেও তাকে ভীষণভাবে প্রভাবিত করেছিল। এক সাক্ষাৎকারে তিনি জানান, সম্পর্ক ভাঙার যন্ত্রণা তাঁকে এমন অনিদ্রার মধ্যে ফেলেছিল, যা টানা কয়েক মাস ধরে চলেছিল। 

কলকির কথায়, ‘হৃদয়ভাঙার পরে কয়েক মাস আমি ঠিকমতো ঘুমোতেই পারিনি। তখনই বুঝেছি, মন আর শরীর কতটা গভীরভাবে জড়িয়ে থাকে।’ তিনি জানান, মাঝরাতে ঘুম ভেঙে যেত এবং আর ঘুম আসত না। সেই সময় গিটার বাজিয়ে বা অন্য কিছু করে নিজেকে ব্যস্ত রাখতেন, কারণ ঘুমে ফেরার উপায় থাকত না। 

এই অনিদ্রা তার পেশাগত জীবনেও বড় প্রভাব ফেলে। শুটিংয়ের সময় তিনি নিজেকে বিভ্রান্ত মনে করতেন। অভিনেত্রীর কথায়, ‘কাজের সময় বুঝতেই পারতাম না আমি স্বপ্ন দেখছি নাকি জেগে আছি। সবকিছু যেন অস্পষ্ট লাগত।’ 

প্রায় চার মাস ধরে এই অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়েছে তাকে, যা তার মানসিক অবস্থাকেও নাড়িয়ে দেয়। যদিও সেই সময়ের সঙ্গীর নাম প্রকাশ করেননি, তবে কলকি সবচেয়ে পরিচিত সম্পর্ক ছিল পরিচালক অনুরাগ কাশ্যপ-এর সঙ্গে। ‘দেব.ডি’ ছবির সেটে তাঁদের পরিচয়, পরে ২০১১ সালে বিয়ে এবং ২০১৩ সালে বিচ্ছেদ- সব মিলিয়ে সেই সম্পর্ক ছিল বহুচর্চিত। 

কলকি আরও জানান, ‘ছোটবেলায় বাবা-মায়ের বিবাহবিচ্ছেদও আমার ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলেছিল। আমি ছোটবেলায় দেখেছি কীভাবে সম্পর্ক ভেঙে যায়। হয়তো সেই অভিজ্ঞতাই আমার নিজের সম্পর্কগুলোকে প্রভাবিত করেছে।’ 

বিচ্ছেদের পর প্রথম দিকে অনুরাগের সঙ্গে যোগাযোগ রাখা কঠিন ছিল। একে অপরকে অন্য কারও সঙ্গে দেখতে কষ্ট হতো। তবে সময়ের সঙ্গে সেই দূরত্ব কমেছে। “এখন আমরা অনেকটাই স্বাভাবিক জায়গায় পৌঁছেছি, মাঝে মাঝে কথা হয়।’জানান কলকি।