ভোলার দৌলতখানে অস্ত্রসহ ২ ডাকাত আটক

ভোলার দৌলতখান উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ ২ জন ডাকাতকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, দৌলতখান থানাধীন চরনিয়ামতপুর সংলগ্ন এলাকায় একদল ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে খবর পান তিনি। এমন তথ্যের ভিত্তিতে সোমবার মধ্যরাতে কোস্ট গার্ড বেইস ভোলা ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৩ রাউন্ড তাজা কার্তুজ, ১ রাউন্ড ফাঁকা কার্তুজ ও ২টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে দুই কুখ্যাত ডাকাতকে আটক করা হয়।
আটককৃতরা হলেন— মো. জসিম হাওলাদার (৪৫) এবং মোহাম্মদ জসিম উদ্দিন (৫০)। তারা উভয়েই দৌলতখান উপজেলার বাসিন্দা।

কোস্ট গার্ড জানায়, জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদসহ আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

মিডিয়া কর্মকর্তা আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।