ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনয়ন প্রত্যাশা করেও তালিকায় জায়গা পাননি জনপ্রিয় কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা। নির্বাচনের পর সংরক্ষিত নারী আসনেও নাম না থাকায় বিষয়টি নিয়ে নিজের অবস্থান জানিয়েছেন তিনি।
আজ সোমবার এক ফেসবুক স্ট্যাটাসে তিনি নিজের মতামত ব্যক্ত করেন।
ফেসবুক স্ট্যাটাসে কনকচাঁপা বলেন, জীবনের যেকোনও পরিস্থিতিতেই আমি আলহামদুলিল্লাহ বলি। সবই আল্লাহর ফায়সালা। সরাসরি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার জন্য যুদ্ধ করলাম। তখনও যখন নমিনেশন পাইনি আলহামদুলিল্লাহ বলেছি নির্দ্বিধায়।
তিনি বলেন, গ্রামের মানুষের প্রবল চাহিদার জন্য আবারও গেলাম সংরক্ষিত আসনের এই প্রসেসে। সেখানেও নাম নাই। আবারও বলি আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই আল্লাহ এর মধ্যে মঙ্গল রেখেছেন। জীবন তো এখানেই শেষ হয়ে গেল না।
দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, আপনারা যেভাবে আমার সঙ্গে ছিলেন আশাকরি সেভাবেই থাকবেন। আমি নিতান্তই সাদামাটা মানুষ। দল হয়তো ভেবেছে আমি ভাতের মাড় টাইপ মানুষ। কিন্তু আমি জানি এই দেশ আমার, গান ছাড়াও এ দেশকে দেওয়ার অনেক কিছু বাকী আছে।
আমি আছি দেশের হয়ে, দশের হয়ে। আর কিছু যদি নাও পারি মরে গিয়ে মাটিতে মিশে মাটি উর্বর করতে পারব নিশ্চয়ই, উল্লেখ করেন তিনি। স্ট্যাটাসের শেষে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।