বগুড়ায় প্রধানমন্ত্রীকে টাকার মালা দিয়ে বরণ করল শিশু

বগুড়ার শাজাহানপুরে জালশুকা এলাকায় সোমবার (২০ এপ্রিল) দুপুরে এক ব্যতিক্রমী দৃশ্য দেখা যায়। গাবতলীর বাগবাড়িতে পৈতৃক ভিটায় যাওয়ার পথে এক শিশু প্রধানমন্ত্রী তারেক রহমানকে টাকার মালা পরিয়ে বরণ করে নেয়।

এ সময় প্রধানমন্ত্রী শিশুটির কাছ থেকে টাকার মালা গ্রহণ করেন এবং পরে সেটি আবার তার গলায় পরিয়ে দেন। পাশাপাশি আরেকটি শিশুর মাথায় স্নেহভরে হাত বুলিয়ে দেন তিনি।

এরপর রাস্তার পাশে অপেক্ষমাণ মানুষের উদ্দেশে বাস থেকেই সংক্ষিপ্ত বক্তব্য দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বহু বছর পর এসেছি। এখন যাচ্ছি বাগবাড়ি। সেখানে গিয়ে খাল খনন করবো, হামের টিকাদান কার্যক্রম শুরু করবো। নির্বাচনের আগে বলেছিলাম মায়েদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেবো, সেটিও আজ প্রদান করবো।

তিনি আরও বলেন, আমি আপনাদেরই সন্তান। আগে নিয়মিত গাবতলীতে আসতাম। ঘরের লোকের জন্য দোয়া করবেন। আমি যেন সবার জন্য ভালো কাজ করতে পারি। আজ যাচ্ছি, তবে আবার আসবো।

এরপর তিনি গাবতলীর উদ্দেশে যাত্রা করেন।