সংরক্ষিত নারী আসনে কুমিল্লা থেকে কেউ মনোনয়ন পাননি 

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে কুমিল্লা থেকে আবেদন করা ২৯ প্রার্থীর কেউই বিএনপির মনোনয়ন পাননি। দলটির ঘোষিত তালিকায় কুমিল্লার কোনো আবেদনকারীর নাম না থাকায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে বিস্ময় দেখা দিয়েছে।

সোমবার (২০ এপ্রিল) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সংরক্ষিত নারী আসনের জন্য মনোনীত ৩৬ জনের তালিকা প্রকাশ করা হয়।

তবে কুমিল্লা দেবীদ্বারের পুত্রবধূ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান মনোনয়ন পেয়েছেন। তিনি বরিশালের বাবুগঞ্জ উপজেলা থেকে আবেদন করে সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হন। সেলিমা রহমান দেবীদ্বারের সুলতানপুর ইউনিয়নের কুরছাপ গ্রামের ভূঁইয়া পরিবারের পুত্রবধূ এবং ব্যবসায়ী এম এ মুজিবুর রহমানের স্ত্রী। বর্তমানে তিনি ঢাকায় বসবাস করছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে হামলা-মামলা ও কারাভোগের অভিজ্ঞতাও রয়েছে তার।

দেবীদ্বার উপজেলা থেকে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও তাদের কেউই চূড়ান্ত তালিকায় স্থান পাননি।

মনোনয়নবঞ্চিতদের একজন কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া বেগম বলেন, দেবীদ্বার আসন থেকে একাধিক যোগ্য প্রার্থী আবেদন করলেও কাউকে মনোনয়ন না দেওয়ায় নেতাকর্মীদের মধ্যে হতাশা রয়েছে।

তিনি আরও জানান, তার সঙ্গে মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে ছিলেন সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর পরিবারের সদস্যরাও, পাশাপাশি সাবেক সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও আইনজীবীরাও আবেদন করেছিলেন।

এদিকে কুমিল্লার অন্যান্য আসন থেকেও বেশ কয়েকজন নারী প্রার্থী আবেদন করেন। কুমিল্লা সদর আসন থেকে চারজন, বুড়িচং-ব্রাহ্মণপাড়া থেকে দুজন, লাকসাম, বরুড়া, নাঙ্গলকোট ও তিতাস থেকে একজন করে, দাউদকান্দি থেকে পাঁচজন, হোমনা থেকে তিনজন এবং মেঘনা থেকে দুজন আবেদন করেন। মোট ৩০ জন আবেদনপত্র সংগ্রহ করলেও একজন জমা দেননি। বাকি ২৯ জন আবেদন করেও কেউ মনোনয়ন পাননি।