বাংলাদেশ-রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা মার্সিডিজ-বেঞ্জ বাংলাদেশ (র্যানকন মোটরস লিমিটেড দ্বারা প্রতিনিধিত্বকৃত) এবং ক্র্যাকপ্লাটুন চার্জিং সলিউশন লিমিটেডের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এই স্বাক্ষরের মাধ্যমে হোটেল প্রাঙ্গণে অত্যাধুনিক বৈদ্যুতিক যানবাহন চার্জিং স্টেশন স্থাপন করা হবে। এই কৌশলগত অংশীদারিত্ব বাংলাদেশে টেকসই উন্নয়ন এবং সবুজ পরিবহন ব্যবস্থার প্রসারে সকল অংশীদারের যৌথ অঙ্গীকারকে প্রতিফলিত করে। হোটেলে বৈদ্যুতিক যানবাহন চার্জিং অবকাঠামো স্থাপনের মাধ্যমে ক্রমবর্ধমান ব্যবহারকারীদের সহায়তা করা হবে এবং একই সঙ্গে পরিবেশবান্ধব কার্যক্রমে হোটেলটির প্রতিশ্রুতি আরও জোরদার হবে। দেশের অন্যতম শীর্ষ আতিথেয়তা প্রতিষ্ঠান হিসেবে রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন ধারাবাহিকভাবে তাদের কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে চলেছে। বৈদ্যুতিক যানবাহন চার্জিং স্টেশন সংযোজন অতিথিদের সুবিধা বাড়ানোর পাশাপাশি পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থার বৈশ্বিক প্রচেষ্টার সাথেও সামঞ্জস্যপূর্ণ।
রেডিসন ব্লু ঢাকা ও চট্টগ্রামের ক্লাস্টার জেনারেল ম্যানেজার ডুকো ইডিভ্রিস বলেছেন এই অংশীদারিত্ব আমাদের টেকসই উন্নয়ন ও উদ্ভাবনের প্রতি চলমান অঙ্গীকারের প্রতিফলন। তিনি বলেন ‘মার্সিডিজ-বেঞ্জ বাংলাদেশ এবং ক্র্যাকপ্লাটুন চার্জিং সলিউশন লিমিটেডের সঙ্গে একসাথে কাজ করে আমরা এমন অবকাঠামো তৈরি করছি যা পরিবেশবান্ধব ভ্রমণকে সমর্থন করে এবং একটি সবুজ ভবিষ্যৎ গড়ে তুলতে সহায়তা করে।
পরিবেশগত দায়বদ্ধতার পথে আমাদের ধারাবাহিক যাত্রার অংশ হিসেবে, রেডিসন ব্লু ঢাকা গর্বের সঙ্গে বাংলাদেশের আতিথেয়তা খাতে প্রথমবারের মতো অগ্রণী কাচের পানির বোতল চালু করেছে-যার মাধ্যমে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের পরিবর্তে পুনর্ব্যবহারযোগ্য কাচের বোতলে পানি পরিবেশন করা হচ্ছে এবং প্লাস্টিক বর্জ্য উল্লেখযোগ্যভাবে হ্রাস পাচ্ছে। টেকসই উন্নয়ন আমাদের কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে রয়েছে-কঠোর খাদ্য বর্জ্য ব্যবস্থাপনা, পানি সাশ্রয়ী কার্যক্রম থেকে শুরু করে কর্মীদের নেতৃত্বে পরিচালিত বিভিন্ন সবুজ উদ্যোগ পর্যন্ত। আমরা পরিবেশবান্ধব যাতায়াতকে উৎসাহিত করি, যার মধ্যে রয়েছে সাইকেল ব্যবহার এবং কর্মীদের জন্য সংগঠিত পরিবহন ব্যবস্থা, যা নির্গমণ কমাতে সহায়তা করে। আমাদের নিজস্ব হার্ব গার্ডেন ও সবজি বাগান, যেখানে পেঁপে গাছও রয়েছে, তাজা ও জৈব খাদ্য উপাদান নিশ্চিত করে। প্রতি বুধবার ‘ভেজিটেবল ডে’ পালন করে আমরা স্বাস্থ্যকর ও টেকসই খাদ্যাভ্যাসকে উৎসাহিত করি। এছাড়াও, আমরা বৃহৎ পরিসরে সবুজায়নে বিনিয়োগ করছি, যা জীববৈচিত্র্য সংরক্ষণে সহায়তা করে, কার্বন নিঃসরণ কমায় এবং হোটেল প্রাঙ্গণকে আরও শীতল ও আরামদায়ক পরিবেশে রূপান্তরিত করে। বৃষ্টির পানি সংরক্ষণ ও পুনঃব্যবহার ব্যবস্থার মাধ্যমে আমরা প্রতিটি ফোঁটা পানির সঠিক ব্যবহার নিশ্চিত করি।
এই একই ধারাবাহিকতায়, ইভি চার্জিং সিস্টেম স্থাপন টেকসই যাতায়াতকে সমর্থন করার আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ভবিষ্যতের দিকে তাকিয়ে, আমরা আমাদের পরিবেশগত প্রভাব কমাতে এবং অতিথি ও সমাজের জন্য আরও টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে নতুন নতুন পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ। এই উদ্যোগটি আতিথেয়তা সেবার মধ্যে টেকসই চর্চা সংযোজনের একটি বৃহত্তর ভিশনের অংশ, যার মাধ্যমে অতিথিরা প্রিমিয়াম অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন এবং একই সঙ্গে পরিবেশগত প্রভাব হ্রাস পাবে।এই সহযোগিতার মাধ্যমে সংশ্লিষ্ট সকল অংশীদার বাংলাদেশে বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার ত্বরান্বিত করা এবং দেশকে আরও টেকসই ও জ্বালানি-দক্ষ ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে কাজ করবে।