দেশের পোশাক শিল্প এবং সামগ্রিক অর্থনীতির ওপর প্রভাব বিস্তারকারী গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার লক্ষ্যে প্রথমবারের মতো একটি পডকাস্ট সিরিজ চালু করেছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। বর্তমান পরিচালনা পর্ষদের এই উদ্যোগটি মূলত পোশাক শিল্পের ভাবমূর্তি উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়নের পথরেখা তৈরির প্রতিশ্রুতি হিসেবে দেখছেন খাত সংশ্লিষ্টরা। গতকাল সোমবার সংগঠনটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ইতিমধ্যে পডকাস্টের দুইটি পর্ব তৈরি হয়েছে। পর্বগুলোর নিয়মিত আপডেট পেতে বিজিএমইএয়ের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া চ্যানেলের সঙ্গে থাকার অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্টরা।
জানা গেছে, বিজিএমইএর এই ব্যতিক্রমী পডকাস্ট সিরিজে পোশাক শিল্পের ভেতর ও বাইরের বিশিষ্ট অতিথিরা অংশ নিচ্ছেন। এতে ব্যাংকার, ব্যবসায়ী নেতা, অর্থনীতিবিদ এবং নীতিনির্ধারকগণ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের অভিজ্ঞতা, সুচিন্তিত মতামত ও সুপারিশ তুলে ধরবেন।
পডকাস্ট সিরিজে উঠে আসবে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ ও এর সম্ভাব্য প্রভাব, বৈদেশিক মুদ্রার বিনিময় হারের গতিপ্রকৃতি এবং শিল্প প্রবৃদ্ধি ও সক্ষমতার ওপর এর প্রভাবের মতো সমসাময়িক ও গুরুত্বপূর্ণ বিষয়গুলো। তথ্যনির্ভর ও গভীর এই আলোচনার মাধ্যমে নীতিনির্ধারকদের সামনে গঠনমূলক দিকনির্দেশনা তুলে ধরাই এই উদ্যোগের লক্ষ্য, যা বাণিজ্য, ব্যবসা এবং অর্থনৈতিক সুশাসনে আরও কার্যকর ও দূরদর্শী সিদ্ধান্ত গ্রহণে সহায়ক ভূমিকা রাখবে।
বিজিএমইএয়ের পক্ষ থেকে বলা হয়েছে, এই পডকাস্ট সিরিজে তৈরি পোশাক শিল্প নিয়ে প্রচলিত নানা ভ্রান্ত ধারণা ও অপপ্রচার দূর করার প্রয়াসও থাকবে। এর মাধ্যমে তথ্যের বস্তুনিষ্ঠতা ও ভারসাম্য বজায় রেখে এই খাতের প্রকৃত সম্ভাবনা ও বাস্তবতা সবার সামনে তুলে ধরবে বিজিএমইএ। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে পোশাক শিল্পের বিশাল অবদান থাকা সত্ত্বেও এই খাতটি প্রায়ই ভুল ব্যাখ্যার শিকার হয়। এই উদ্যোগের মাধ্যমে বিজিএমইএ শিল্পের বিদ্যমান চ্যালেঞ্জগুলোর পাশাপাশি এর অপার সম্ভাবনাগুলোকেও সামনে আনবে, যেখানে এই শিল্পের সঙ্গে সম্পৃক্ত অভিজ্ঞ ব্যক্তিরা ও বিশেষজ্ঞরা তাদের বাস্তব অভিজ্ঞতা ও সত্যনিষ্ঠ বয়ান তুলে ধরবেন।
অনুষ্ঠানটি পরিচলানায় আছেন বিজিএমইএয়ের সহসভাপতি (অর্থ) মিজানুর রহমান, পরিচালক শাহ রাঈদ চৌধুরী এবং ব্র্যান্ডিং-বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান খান মনিরুল আলম শুভ। কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, এই পডকাস্টটি শিল্প খাতের সমসাময়িক ও গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে গঠনমূলক আলোচনা এবং বাস্তবভিত্তিক, কার্যকর ধারণা উদ্ভাবনের একটি শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করছে।
তারা আরও বলেন, এই উদ্যোগ শিল্প খাতকে তার প্রকৃত রূপে বিশ্বদরবারে উপস্থাপনের এক অনন্য সুযোগ তৈরি করেছে, যা বৈশ্বিক পরিম-লে এর ইতিবাচক ভাবমূর্তি জোরদার করার পাশাপাশি ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডকে আরও সুসংহত ও মর্যাদাপূর্ণ অবস্থানে পৌঁছে দিতে সহায়তা করবে।
বিশ্ববাজারের পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের পোশাক খাত যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন বিজিএমইএর এই পডকাস্ট সিরিজ একটি দূরদর্শী যোগাযোগ ও জ্ঞান বিনিময়ের প্ল্যাটফরম হিসেবে আত্মপ্রকাশ করেছে। এটি তথ্যনির্ভর সংলাপ ও নীতিনির্ধারণী সম্পৃক্ততার মাধ্যমে শিল্পের টেকসই উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে।
ইতিমধ্যেই এই সিরিজের দুটি পর্ব প্রচারিত হয়েছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বৈচিত্র্যময় সব বিষয় নিয়ে আরও বেশ কিছু পর্ব বর্তমানে প্রকাশের অপেক্ষায় রয়েছে। এই পর্বগুলো বিজিএমইএর অফিশিয়াল ডিজিটাল প্ল্যাটফরম ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে একযোগে সম্প্রচার করা হচ্ছে, যা স্টেকহোল্ডার থেকে শুরু করে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হওয়ার সুযোগ করে দিচ্ছে।