মনোনয়ন জমা দিয়েছেন জামায়াত জোটের নারী প্রার্থীরা

সংরক্ষিত নারী আসনের নির্বাচন ঘিরে আনুষ্ঠানিকতা এগোলেও রাজনৈতিক সমীকরণই এখানে বড় নিয়ামক হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে নিজেদের অংশের আসন নিশ্চিত করতেই নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াত জোটের মনোনীত নারী প্রার্থীরা।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন ভবনে উপস্থিত হয়ে তারা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন জমা দেওয়া প্রার্থীরা হলেন- নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন নাহার মুন্নি, মারদিয়া মমতাজ, নাজমুন নাহার নীলু, মাহফুজা সিদ্দিকা, সাজেদা সামাদ ও সামসুন নাহার। এছাড়া শরিক দলগুলোর মধ্যে জাতীয় নাগরিক পার্টি থেকে মনিরা শারমিন ও মাহমুদা আলম মিতু।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, ২১ এপ্রিল মনোনয়ন জমার শেষ দিন। এরপর ২২ ও ২৩ এপ্রিল যাচাই-বাছাই, ২৯ এপ্রিল পর্যন্ত প্রত্যাহার এবং সবশেষে ১২ মে ভোটগ্রহণের সম্ভাব্য দিন নির্ধারিত রয়েছে।