এসএসসি পরীক্ষা শুরু, কেন্দ্রের বাইরে তসবিহ হাতে উৎকণ্ঠায় মায়েরা

সারা দেশে একযোগে শুরু হয়েছে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা। জীবনের গুরুত্বপূর্ণ এই পরীক্ষায় এই পরীক্ষা ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ ও উৎকণ্ঠা। সকাল থেকে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সামনে ভিড় করে থাকছেন তারা। ভেতরে সন্তান পরীক্ষা দিচ্ছে আর বাইরে দুশ্চিন্তায় সময় কাটাচ্ছেন অভিভাবকেরা। এমনকি সন্তানের জন্য তসবিহ হাতে দোয়া করতেও দেখা গেছে মায়েদের।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাজধানীর বিভিন্ন কেন্দ্রের বাইরে এমনই দৃশ্য দেখা গেছে। 

তেজগাঁও স্কুল কেন্দ্রের সামনেও দেখা গেছে এমন চিত্র। সেখানে এক মা তার অনুভূতি ব্যক্ত করে বলেন, সন্তানের ভবিষ্যৎ গড়ার এটাই প্রথম ধাপ। পরীক্ষা শুধু সন্তানের নয়, অভিভাবকেরও বড় চ্যালেঞ্জ। ছেলে ভেতরে শান্ত মাথায় যেন পরীক্ষা দিতে পারে, সেই দোয়াই করছি।

সরকারি বিজ্ঞান কলেজের সামনে অপেক্ষারত আরেক অভিভাবক বলেন, আমার সন্তান খুব পরিশ্রম করেছে। সেই পরিশ্রমের ফল যেন সে লাভ করে সেই দোয়া করছি। দোয়া করছি সে যেন ভালোভাবে পরীক্ষা দিয়ে বের হয়। আমাদের সারা জীবনের আশা-ভরসা সন্তানের উপর। 

এদিকে, চলতি বছরে ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী কমেছে ৭১ হাজারের বেশি।